২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস-বাংলার যাত্রীদের আনতে কাঠমান্ডু গেল রিজেন্ট

কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় এটিতে করে যাদের নেপাল থেকে বাংলাদেশে আসার কথা ছিল, সেসব যাত্রীদের আনতে গেলে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 09:53 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

সোমবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই উড়োজাহাজাটির বিকালে ফিরতি ফ্লাইটে ঢাকায় যাত্রী নিয়ে আসার কথা ছিল।

কিন্তু কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে তখন ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনায় আরোহীদের মধ্য অর্ধ শত জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনার পর বিমানবন্দরে বিমান ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ ছিল। চালু হওয়ার পরপরই ইউএস-বাংলার ফিরতি ফ্লাইটের যাত্রীদের আনতে রিজেন্টের একটি উড়োজাহাজ ঢাকা থেকে রওনা হয়।

রিজেন্টের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের এজিএম (এয়ারপোর্ট সার্ভিস) মোহাম্মদ জাফরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যে পৌনে ৭টায় রিজেন্ট এয়ার ওয়েজের RX 795 ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক কাজী ইকবাল করিম, সিভিল এভিয়েশনের এক্সিডেন্ট এক্সপার্ট সারোয়ার ভুঁইয়া আর ইউএস বাংলার ক্যাপ্টেন লুৎফর রহমান নেপালের উদ্দেশে যাত্রা করেন।”

নেপাল থেকে ৩৫ জন যাত্রী ইউএস-বাংলার ফিরতি ফ্লাইটে আসার কথা ছিল জানিয়ে তিনি বলেন, “তাদের রিজেন্ট নিয়ে আসবে।”

পুরনো খবর:

ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪৯