ডেইলি স্টার নিয়ে প্রেস কাউন্সিলের রায় স্থগিত
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সাংবাদিকতার নীতিমালার মান ভেঙেছে এবং পেশাগত অসদাচরণ করেছে বলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিচারিক কমিটি যে রায় দিয়েছে, তা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
এ আদেশের ফলে রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে ডেইলি স্টারে তা হুবহু ছাপানোর যে নির্দেশনা ছিল সেটি আর থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
গত ১৭ জানুয়ারি প্রেস কাউন্সিলের দেওয়া রায়টি চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন শাহদীন মালিক ও মো. মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
পরে শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেস কাউন্সিল রেগুলেশন ১৯৮০ অনুযায়ী বিচারিক কমিটি কেবলমাত্র এ সংক্রান্ত প্রতিবেদনের খসড়া উপস্থাপন করতে পারে প্রেস কাউন্সিলের অনুমোদনের জন্য। কিন্তু বিচারিক কমিটি সেটি না করেই রায় ঘোষণা করেছে। ফলে এটিকে প্রেস কাউন্সিলের সিদ্ধান্ত বা রায় বলা যাবে না।”
রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রেস কাউন্সিলের রায় চ্যালেঞ্জ করে রিট করা হয় জানিয়ে শাহদীন মালিক বলেন, “আজ সেটির শুনানি হয়েছে। আদালত প্রেস কাউন্সিলের বিচারিক কমিটির দেওয়া রায়টি ছয় মাসের জন্য স্থগিত করেছে।
“একই সঙ্গে বিচারিক কমিটির দেওয়া রায়টি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।”
এ আদেশের ফলে রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে ডেইলি স্টারে তা হুবহু ছাপানোর যে নির্দেশনা ছিল সেটিও আর থাকছে না বলে জানান এ আইনজীবী।
পত্রিকাটির নয়টি সংবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদারের এক মামলার পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিলের এই রায় আসে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এবং সদস্য রিয়াজ উদ্দিন ও স্বপন দাস গুপ্ত গত বছরের ১৯ অক্টোবর, ৭ নভেম্বর এবং ২৯ নভেম্বর শুনানি নিয়ে গত ১৮ জানুয়ারি ১৭ পৃষ্ঠার রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সাংবাদিকতার নীতিমালার লঙ্ঘন করার পাশাপাশি পেশাগত অসদাচরণ করেছে।
এজন্য পত্রিকাটির একজন প্রতিবেদককে ভর্ৎসনার পাশাপাশি সতর্ক করে দিয়ে ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশের আগে ডেইলি স্টারের সম্পাদক আরও সাবধানতা অবলম্বন করবেন বলে প্রত্যাশা করা হয় রায়ে।
