২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলিমুল্লাহ এতিমখানাকে ভবন বুঝিয়ে দিতে হবে কনকর্ডকে

ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় তৈরি করা বহুতল ভবন ওই এতিমখানাকে ‍বুঝিয়ে দিতে নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডকে দেওয়া হাই কোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 01:54 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

কনকর্ডের করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ সোমবার হাই কোর্টের রায় বহাল রাখে।

সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে এখন দ্রুত ভবনটি এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে বলে জানিয়েছেন এ মামলায় পক্ষভুক্ত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আইনজীবী মনজিল মোরসেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কনকর্ডের তৈরি ১৮ তলা ভবনটি বাজেয়াপ্ত করে এখন দ্রুততম সময়ের মধ্যে সমাজকল্যাণ সচিবের মাধ্যমে এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে।”

আদালতে লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, এ এম আমিন উদ্দিন, মাহবুব আলী ও এম এ হান্নান।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও অনীক আর হক।

মামলার নথিতে বলা হয়, ১৯০৯ সালে ঢাকার নবাব ‘সলিমুল্লাহ এতিমখানা’ স্থাপন করেন। এরপর সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে জমি ইজারা নিয়ে সম্প্রসারণের মাধ্যমে আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা পরিচালিত হয়ে আসছে।

Image
ভবনের ছবিটি গুগল স্ট্রিট ভিউ থেকে নেওয়া

ভবনের ছবিটি গুগল স্ট্রিট ভিউ থেকে নেওয়া

২০০৩ সালের ২২ জুলাই এতিমখানার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বেগম শামসুন্নাহার আহসান উল্লাহ ও সেক্রেটারি জি এ খান এতিমখানার দুই বিঘা জমি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডের কাছে হস্তান্তর করে দলিল করে দেন।

ওই সম্পত্তি হস্তান্তর নিয়ে বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর এতিমখানার চারজন শিক্ষার্থীর পক্ষে ২০১৩ সালে একটি রিট আবেদন করা হয়। এতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) পক্ষভুক্ত হয়।

এ বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল জারির পাশাপাশি নির্মাণ কাজে স্থিতাবস্থা জারি করে।

এতিমখানার সম্পত্তি সংরক্ষণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং লিজ চুক্তির শর্ত অনুসারে তা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

রুলের উপর শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট এতিমখানার সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত দলিল বাতিল ঘোষণা করে।

সেই সঙ্গে ওই জমিতে নির্মিত বহুতল ভবন রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এতিমখানাকে ‍বুঝিয়ে দিতে কনকর্ডকে নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগ কনকর্ডের আবেদনে সাড়া না দেওয়ায় সেই রায়ই বহাল থাকল।