২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংকের ওয়াহিদুলসহ ৪ জনকে ফের জিজ্ঞাসাবাদ

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলার ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ চার কর্মকর্তাকে আবারও জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 07:16 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

রোববার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার সেগুন বাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াহিদুল হক ছাড়া এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, মো. ফজলুর রহমান ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বড় ভাই ওয়াহিদুল হকসহ মামলার এই চার আসামিই জামিনে আছেন।

ওই অর্থ পাচারের অভিযোগে গত ২৫ জানুয়ারি দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন।

বাকি আসামিরা হলেন- বেসরকারি ব্যাংকটির গ্রাহক ব্যবসায়ী সাইফুল হক, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মোহাম্মদ লোকমান, হেড অব করপোরেট ব্যাংকিং মোহাম্মদ মাহফুজ উল ইসলাম এবং জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল আজিম।

তাদের মধ্যে সাইফুল হক ২৫ জানুয়ারি থেকে কারাগারে আছেন। সাইফুল ছাড়া অন্য তিনজনকে আগামী ১৩ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে প্রনব জানান।

Image
গত ২৮ ডিসেম্বরও দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হয়েছিলেন এম ওয়াহিদুল হক (ফাইল ছবি)

গত ২৮ ডিসেম্বরও দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হয়েছিলেন এম ওয়াহিদুল হক (ফাইল ছবি)

সিঙ্গাপুর ও দুবাইভিত্তিক কোম্পানি পিনাকল গ্লোবাল ফান্ডের (পিজিএফ) সঙ্গে মিলে বিনিয়োগের নামে এবি ব্যাংকের অর্থ পাচারের অভিযোগে মামলাটি করার আগে মোট ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ভুয়া অফশোর কোম্পানিতে বিনিয়োগের নামে ১৬৫ কোটি টাকা এবি ব্যাংকের চট্টগ্রাম ইপিজেড শাখা থেকে দুবাইয়ে পাচার করে এবং পরে তা আত্মসাৎ করে।

২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারের ওই ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে মামলায়।

আত্মসাতের এই ঘটনা যখন ঘটে, ওয়াহিদুল হক তখন ব্যাংকের চেয়ারম্যান। কথিত ওই বিনিয়োগ এবং অর্থ আত্মসাতের নেপথ্যে ব্যাংকের গ্রাহক আটলান্টিক এন্টারপ্রাইজের সাইফুল হকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দুদকের অভিযোগ।

পুরনো খবর:

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অর্থ পাচার: এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩