২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের জন্য ভূমিকা রাখতে পারা আমার সৌভাগ্য: আনিসুজ্জামান

অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, তার জীবনে দেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটেছে, যেগুলোতে মাঝে মাঝে ভূমিকা রাখতে পারাকে সৌভাগ্যের মনে করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 07:36 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

শনিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নিজের ৮১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এই অভিব্যক্তি জানান বাংলার এই অধ্যাপক।

এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলা একাডেমির  মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, গণস্বাক্ষরতা অভিযানের পরিচালক রাশেদা কে চৌধুরী, শিল্পী হাশেম খানসহ অনেকে।

জন্মদিনে শুভেচ্ছাসিক্ত হয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আমি যেসব সময় পার করে এসেছি, দেশের ইতিহাসে তা গুরুত্বপূর্ণ। এখানে মাঝে মাঝে ভূমিকা পালন করতে পারা আমার জন্য এক বিরল সুযোগ, সেটা আমার সৌভাগ্য। ”

ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়িয়েছেন আনিসুজ্জামান। এখন বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে তিনি।

নিজেকে এখনও শিক্ষক মনে করেন জানিয়ে আনিসুজ্জামান বলেন, “শিক্ষকতায় যে আনন্দ পেয়েছি, মর্যাদা পেয়েছি, সেটা আমার জীবনকে পরিপূর্ণ করেছে। দেশের মানুষের ভালোবাসায় আমি বাড়তি আয়ু পেয়েছি। প্রার্থনা করবেন, জীবনের এ বাড়তি সময়টা যেন আমি ঠিকমতো কাজে লাগাতে পারি।”

‘প্রিয় বন্ধু’ আনিসুজ্জামানের ভাষা আন্দোলন, সাহিত্য ক্ষেত্রে নানা অবদানের কথা তুলে ধরে অর্থমন্ত্রী মুহিত বলেন, “আনিস সাহিত্যের বাতিঘর, এটা নিয়ে কোনো প্রশ্নই উঠে না। কিন্তু একইসঙ্গে সে বিবেকেরও বাতিঘর, আমার কাছে সেটাই বেশি উল্লেখযোগ্য, বেশি মূল্যবান মনে হয়।

“আনিস আমার স্নেহাস্পদ। আজ জন্মদিনে ভালোবাসা যত না জানাব, তার চেয়েও বেশি তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করব।”

সেলিনা হোসেন বলেন, “অধ্যাপক আনিসুজ্জামান হয়ত আমার সরাসরি শিক্ষক নন, কিন্তু তার কাছ থেকে জীবন ও পরিবেশের যে শিক্ষা পেয়েছি, তাই আমার কাছে অমূল্য সম্পদ। তার কাছ থেকে পাওয়া জ্ঞান ও দীক্ষা আমাদের জীবন পরিচালনার বোধ জাগ্রত করেছে।”

বাংলা একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শামসুজ্জামান খান অধ্যাপক আনিসুজ্জামানকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে স্বীকৃতি দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, “আমাদের সময়ের বাতিঘর অধ্যাপক আনিসুজ্জামান। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি সব ক্ষেত্রে তার মতো মহীরূহ ক্রমেই তার শাখাপ্রশাখা বিস্তার করে চলেছে। আমাদের প্রজন্মের রোল মডেল তিনি। আলোকিত মানুষ গড়ার পথে তিনি এখনও আমাদের পথ দেখিয়ে চলেছেন।”

জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি শিল্পী হাশেম খান বলেন,  “পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, পরে জাতীয় চার নেতাকে হত্যার পর যখন যুদ্ধাপরাধীদের গাড়িতে আমাদের জাতীয় পতাকা শোভা পেল, তখন সময়ের সাহসী যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছেন অধ্যাপক আনিসুজ্জামান। আমরা এখনও তার কাছেই প্রেরণা খুঁজে ফিরি।”

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক-কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক বক্তব্য দেন।