অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩৯ জন
ছয় বছরের ৩৯ জনকে দেওয়া হল 'অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার'।
শনিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ১৪১৮ থেকে ১৪২৩ বঙ্গাব্দ পর্যন্ত পুরস্কারপ্রাপ্তদের হাতে অর্থ, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে পুরস্কার নেন বিজয়ীরা।
১০ বছর বয়সে প্রবন্ধ লিখে জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার নেওয়ার স্মৃতিও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।
পুরস্কারপ্রাপ্তদের দ্বিগুণ উৎসাহ নিয়ে আরও ভালো সাহিত্য উপহার দেওয়ার অনুরোধ জানান মুহিত।
অনুষ্ঠানে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, “আমরা চলে যাব পৃথিবী থেকে একসময়, শিশুরা থাকবে নেতৃত্ব দেবে। তাদের বেড়ে ওঠাটা সঠিক হতে হবে। এই বেড়ে ওঠায় বইয়ের বিকল্প নেই।”
শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন ভবিষ্যত প্রজন্মের জন্য আলোকিত দেশ তৈরি করতে বর্তমানদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন।
প্রথমে পুরস্কারপ্রাপ্ত লেখককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতে, এটা বেড়ে গত সাত বছর ধরে ১৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
২০১৬-২০১৭ সালের পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন- মারুফুল ইসলাম, আহমাদ উল্লাহ, মোশতাক আহমেদ, শ্যামলী নাসরীন চৌধুরী, ডা. মিজানুর রহমান কল্লোল, মশিউর রহমান, জামিল বিন সিদ্দিক, আবুল মোমেন ও উত্তম সেন।
