শিক্ষক সংকটই মূল সমস্যা: শিক্ষামন্ত্রী
বছরের প্রথম দিন বই তুলে দেওয়ার সঙ্গে উপবৃত্তি দেওয়ায় শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়েছে মন্তব্য করে শিক্ষক সঙ্কটকে বড় সমস্যা বলে চিহ্নিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সকালে হোটেল র্যাডিসনে কারিগরি শিক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, “এখন আমাদের মূল সমস্যা হচ্ছে যথেষ্ট সংখ্যক শিক্ষক নেই। কেবল কারিগরি নয়, শিক্ষার সবক্ষেত্রে। যদিও এই শিক্ষকরাই আমাদের প্রধান শক্তি। বাংলা-ইংরেজিসহ সব ক্ষেত্রে এ সংকট।
“সে কারণে আমরা শিক্ষকদের প্রশিক্ষিত করার চেষ্টা করছি। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি।”
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আয়োজনে ইন্টারন্যাশনাল স্কিলস কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নাহিদ।
দুই দিনব্যাপী ‘বিল্ডিং ব্র্যান্ড ফর স্কিলস অফ বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের সঙ্গে চীন, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভারত ও স্কটল্যান্ডের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অধ্যক্ষ, শিল্প কারখানার মালিক ও সাংবাদিকরা অংশ নিচ্ছেন।
আর্থ-সামাজিক অগ্রগতির জন্য বর্তমান সরকার কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি উপজেলায় অন্তত একটি করে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ করে দিচ্ছি।
“প্রথম পর্যায়ে একশ উপজেলায় একশটি এ ধরনের স্কুল-কলেজ প্রতিষ্ঠার কাজ চলমান আছে জানিয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে বাকি ৩৮৯ উপজেলায় আমরা এগুলো প্রতিষ্ঠার উদ্যোগ নিব।”
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “২০২০ সালের মধ্যে মোট শিক্ষার্থীর ২০শতাংশ কারিগরি শিক্ষায় নিয়ে আসার পরিকল্পনা নিয়ে আমরা করছি। যেটা ২০৩০ সালে ৩০শতাংশে নিয়ে যাব আমরা।”
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর জনশক্তি ও সুপেয় পানি। আমরা সেটা দিয়ে পৃথিবীর বেশিরভাগ দেশের চেয়ে এগিয়ে আছি। এখন প্রয়োজন সেই জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলা। যাতে তারা প্রযুক্তির বিকাশের এই সময়ে হারিয়ে না যায়।”
উদ্বোধনী অনুষ্ঠানের প্রেজেন্টেশনে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ বিভিন্ন সংস্থার জরিপ তুলে ধরে কারিগরি শিক্ষার গুরুত্ব উপস্থাপন করেন সিঙ্গাপুরের নানিয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনালের পরিচালক অ্যান্থনি উন।
তিনি বলেন, রোবটসহ প্রযুক্তির বিকাশের কারণে যুক্তরাষ্ট্রে ৪৭শতাংশ এবং যুক্তরাজ্যে ৩৪ শতাংশ চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমান হারে ‘অটোমেশন’ পুরোপুরি হোক কিংবা আংশিক- তাতে আসিয়ান অঞ্চলের ৬০শতাংশ চাকরি অল্প সময়ের মধ্যে ঝুঁকির পড়বে।
”এখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে- আমরা এই চাকরিহীনতার দিকে যাব, নাকি শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলব।”
কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সরকারের স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের পরিচালক এ বি এম আজাদ, বিশ্বব্যাংকে এডুকেশন ইকোনমিস্ট সিরো নাকাতা, চীনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ লিপিং শিয়াও, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সবুর খান বক্তব্য দেন।
