২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরে গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের শিশুটির মৃত্যু

রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দগ্ধ এক পরিবারের পাঁচজনের মধ্যে ১১ মাসের একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 03:34 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আফরিদা আকতার ফাতেমার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

বুধবার রাত ৯টার দিকে কল্যাণপুরের ২ নম্বর সড়কের পাঁচ তলা একটি ভবনের চারতলার ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পর ওই ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলামকে ঢাকা মেডিকেলের নেওয়া হয়।

তাদের মধ্যে মালেক ও নজরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও পোড়ার মাত্রা বেশি হওয়ায় রীনা, ফাতেমা ও আরজুকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, ফাতেমার খালা আরজুর অবস্থাও ভালো নয়। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

পুরনো খবর:

কল্যাণপুরে গ্যাসের আগুনে পরিবারের পাঁচজন দগ্ধ