শ্যামপুরে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নিহত
রাজধানীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর ট্রাকের নিচে চাপা পড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্যামপুরের লাল মসজিদ এলাকায় এঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান।
নিহত আফসানা আক্তার (২০) কুড়িল বিশ্বরোড চৌরাস্তা এলাকার আবদুল আজিমের স্ত্রী। তাদের বাড়ি খুলনা জেলার খালিশপুর উপজেলার হাউজিং এস্টেটে।
আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আফসানাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের পাগলায় ফুফুর বাসায় যাচ্ছিলাম। পথে চলন্ত অবস্থায় বাইকটি স্লিপ করলে আফসানা রাস্তায় ছিটকে পড়ে। এসময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়।”
আফসানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফসানা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান তার স্বামী।
