বেসিকের বাচ্চুকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব
বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে দুই মাস বিরতি দিয়ে চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাকে বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার দুদকের উপ-পরিচালক শামসুল আলমের সই করা চিঠিতে তাকে বৃহস্পতিবার সকাল ৯টায় হাজির হতে বলা হয়েছে।"
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করবে।
সর্বশেষ গত ৮ জানুয়ারি তৃতীয় দফায় বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সাংবাদিকদের এড়িয়ে যান বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু।
তিন দিনে দুদকের ৫৬টি মামলার মধ্যে ২৪টি মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে ১৭ ডিসেম্বর তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে দুদকে লিখিত আবেদন করেন আব্দুল হাই বাচ্চু। তার আবেদন তখন নাকচ করে দুদক।
গত ৪ ডিসেম্বর বাচ্চুকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করে দুদক।
ওই দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিজেকে দোষী মনে করি না।”
এরপর গত ৬ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো প্রায় সাত ঘণ্টা আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের তদন্ত কর্মকর্তারা।
তবে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান জাতীয় পার্টির এই সাবেক সংসদ সদস্য। তবে সাংবাদিকদের জেরার মুখে এক পর্যায়ে তিনি বিড়বিড় করে বলেন, ‘কী বিপদেই না পড়লাম।’
বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর সম্প্রতি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৬টি মামলা করেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় আসামি করা হয় ১৫৬ জনকে।
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল হাই বাচ্চুকে ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ২০১২ সালে তার নিয়োগ নবায়নও হয়। কিন্তু ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠলে ২০১৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করার পর চাপের মুখে থাকা আব্দুল হাই বাচ্চু পদত্যাগ করেন।
