২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোথাও জটলা, কোথাও ফাঁকা

সাতই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট আবার কোথাও কোথাও গণপরিবহন সঙ্কটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 04:29 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে যানজট। 

জনসভায় কর্মী-সমর্থকদের নিয়ে আসা বাসগুলো বিভিন্ন সড়কে রাখায় এবং বিভিন্ন এলাকা থেকে সমাবেশগামী মিছিল যানজটের তীব্রতা বাড়িয়েছে।

সেগুনবাগিচা, বিজয় নগর, কাকরাইলসহ সমাবেশস্থলের কাছাকাছি বিভিন্ন এলাকার অলিগলিতেও ছড়িয়ে পড়েছে যানজট। তবে কোথাও কোথাও রাস্তার একপাশে যানজটের বিপরীতে অন্যপাশে ফাঁকা সড়কের চিত্রও দেখা গেছে।

Image
গাড়ির অপেক্ষায় রাস্তায় দীর্ঘ সময়

গাড়ির অপেক্ষায় রাস্তায় দীর্ঘ সময়

বিভিন্ন পরিবহনের বাস সমাবেশে নেওয়ার কারণে মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। বাধ্য হয়ে লোকজন হেঁটেই রওনা হয়েছে গন্তব্যে।

দুপুর ২টায় জনসভা শুরু হলেও সকাল ৯টা থেকে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে মানুষজন আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশে লোকজন আসার সুবিধার্থে সকাল ১১টা থেকে শাহবাগের রূপসী বাংলা সিগন্যাল, কাটাবন মার্কেট মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁরপুল, জিপিও ও মৎস্য ভবন মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

Image
গাড়ি কম, তাই বাদুরঝোলা হয়েই যাওয়ার চেষ্টা

গাড়ি কম, তাই বাদুরঝোলা হয়েই যাওয়ার চেষ্টা

ফলে এসব সড়কের যানবাহনের চাপে বিকল্প সড়কগুলোতে তৈরি হয়েছে যানজট। 

বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাংলামোটর, কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী বাসগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় আছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সাজিদুল হক জানান, দুপুরে মোহাম্মদপুর থেকে মতিঝিল পৌঁছাতে প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার।

Image
গাড়ি কম, তাই বাদুরঝোলা হয়েই যাওয়ার চেষ্টা

গাড়ি কম, তাই বাদুরঝোলা হয়েই যাওয়ার চেষ্টা

“বিজয় সরণী থেকে কারওয়ান বাজার পর্যন্ত যানজট। কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রাস্তা বন্ধ। এফডিসির সামনে থেকে মগবাজারমুখী রাস্তায় যানজট। খামারবাড়ি থেকে ফার্মগেইটের রাস্তা বন্ধ।”

আরিফুর রহমান নামের এক বাসযাত্রী জানান, দুপুরে মহাখালী থেকে কারওয়ান বাজার পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে তার।

জনসভার কারণে শাহবাগ থেকে মৎস্য ভবনমুখী রাস্তা বন্ধ। বিকল্প পথ বাংলামোটর-মগবাজার হয়ে কাকরাইল যাওয়ার সুযোগ থাকলেও এই পথেও গাড়ি চলছে ধীরগতিতে।

সেগুনবাগিচায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শিমুল। বাসা মিরপুর এক নম্বরে। তিনি জানান, অফিসে আসার পথে যানজটের চেয়ে ‘মানুষের জটই’ বেশি দেখেছেন।

“মগবাজার ফ্লাইওভারের কাছে ১০-১২টি বাস রাস্তার পাশে। তাতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে বাস থেকে নেমে রাস্তার পাশে নেতাকর্মীরা খাবার পরিবেশন করছেন এবং খাচ্ছেন। এতে যানজটের সৃষ্টি হয়।”

দুপুর ২টার দিকে প্রেস ক্লাবের সামনে রাস্তা ফাঁকা দেখা গেলেও পল্টন মোড় ছিল যানজটে ঠাসা। সেখানে একজন ট্রাফিক পুলিশ বলেন, “ভাই জট সামলাতে হিমশিম খাচ্ছি- কথা বলতে পারব না।”

Image
কোথাও তীব্র যানজট, কোথায় হরতাল পরিস্থিতি। ফার্মগেইট এলাকার চিত্র।

কোথাও তীব্র যানজট, কোথায় হরতাল পরিস্থিতি। ফার্মগেইট এলাকার চিত্র।

চানঁখারপুল এলাকায় সাভার রুটের বাস ও অন্যান্য যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। বিকাল ৪টার দিকে ওয়ারী ট্রাফিকের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান জানান, সকাল থেকে রাস্তায় অনেক মানুষ ছিল আর যানবাহন কম ছিল। এখন ফাঁকা।

মতিঝিলগামী গাড়িগুলো আজিমপুর হয়ে চলতে পারছে বলে সমাবেশে আসা কয়েকজন জানিয়েছেন।

জনসভায় যোগ দিতে ঢাকার বাইরে থেকেও এসেছে অনেক বাস। অতিরিক্ত বাসের চাপে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানজট তৈরি হয়। বেলা সাড়ে ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে সায়েদাবাদ থেকে গুলিস্তান টোলপ্লাজা হয়ে চাঁনখারপুল পর্যন্ত যানজট দেখা গেছে।

সোহরাওয়ার্দী উদ্যানে আসা যানবাহনের চাপ পড়ে গুলিস্তান এবং আশপাশের এলাকায়। দুপুর ১২টার পর থেকে এসব এলাকায় সড়কে যানবাহন কমতে থাকে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত গুলিস্তান, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, প্রেস ক্লাব এলাকা ঘুরে যানবাহন কম দেখা গেছে।

জনসভাকে কেন্দ্র করে রাজধানীবাসীর ভোগান্তিতে দুঃখপ্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।