দোল উৎসবে কলেজছাত্র খুনে গ্রেপ্তার ৫
পুরান ঢাকার শাঁখারীবাজারে দোল উৎসবের মধ্যে কলেজছাত্র রওনক হোসেন রনোকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জানে আলম মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে তারা গ্রেপ্তার করেন।
তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। পরিদর্শক জানে আলম বলেছেন, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।
গত ১ মার্চ ঢাকার শাঁখারী বাজারে দোল উৎসবের ভিড়ের মধ্যে কলেজছাত্র রওনককে (১৮) ছুরি মারে একদল যুবক। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রওনক কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকার শহিদ মিয়ার ছেলে। বন্ধুদের সঙ্গে দোল উৎসব দেখতে পুরান ঢাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রওনকের বন্ধু দুই কিশোর-কিশোরী সোমবার ঢাকার হাকিম আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দেন।
পুলিশের ধারণা, প্রেম নিয়ে দ্বন্দ্বের জেরে ওই কলেজছাত্রকে খুন করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পেয়েছে, চার থেকে পাঁচজন তরুণ ভিড়ের মধ্যে খুব অল্প সময়ে ওই হত্যাকাণ্ড ঘটায়।
