সংকেত না মেনে আগুয়ান ট্রাকের ধাক্কায় পুলিশের মৃত্যু
ঢাকার মিরপুর টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ফাইল ছবি
নিহত কনস্টেবল মো. আবদুল মজিদের (৩৫) গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গত ১৫ বছর ধরে তিনি পুলিশের চাকরি করে আসছিলেন।
ওসি সেলিমুজ্জামান বলেন, ওই এলাকায় দায়িত্বরত কনস্টেবল মজিদ একটি ট্রাককে থামার সংকেত দেন। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে এগিয়ে এলে ট্রাকের ধাক্কায় মজিদ গুরুতর আহত হন।”
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মজিদের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
তিনি বলেন, ট্রাকের ধাক্কায় কনস্টেবল মজিদ মাথা, হাত ও পায়ে আঘাত পান। এর মধ্যে মাথার আঘাতেই তার মৃত্যু হয়েছে।
দারুস সালাম থানার ওসি জানান, পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
