একুশের সাবেক চেয়ারম্যান সালামের বিরুদ্ধে অভিযোগপত্র হচ্ছে
অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম ও তার ভাইসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশন এই অনুমোদন দেয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
অন্য দুই আসামি হলেন- একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আবদুস সালামের ভাই আশরাফুল আলম ও টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার।
২০১৬ সালের ১৩ এপ্রিল রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে ওই টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে বিদেশে পাচার করেন।
২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে একটি সভায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচারের এক দিন পর ৬ জানুয়ারি আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরে তাকে পর্নোগ্রাফি আইনে ক্যান্টনমেন্ট থানা দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর ৮ জানুয়ারি ‘উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা’ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবদুস সালাম ও তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
অন্যদিকে সম্পদের হিসাব না দেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে দুদকের তিনটি মামলা রয়েছে।
সব মামলায় তিনি জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।
