২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশিত হল মুহিতের 'নির্বাচিত প্রবন্ধ'

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের শাসন ব্যবস্থা; পরে বিদেশ বিভুঁইয়ে কর্মজীবনের নানা ফিরিস্তি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নানা প্রবন্ধের সংকলন ‘নির্বাচিত প্রবন্ধ’ এর প্রকাশনা উৎসব হয়ে গেল বাংলা একাডেমিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 08:32 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

শনিবার বিকালে একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ প্রকাশনা উৎসবের আয়োজন করে অন্যপ্রকাশ।

অনুষ্ঠানে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রবন্ধ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, লেখক-শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাবারক হোসেন।

মাজহারুল ইসলাম জানান, অর্থমন্ত্রীর লেখা নানা সময়ে লেখা প্রবন্ধ থেকে ১৯টি রচনা ঠাঁই পেয়েছে 'নির্বাচিত প্রবন্ধ' বইয়ে।

তিনি জানান, প্রথম প্রবন্ধটি এ দেশের শাসন ব্যবস্থা নিয়ে লেখা। এখানে বাংলাদেশে বিভিন্ন জেলায় স্বশাসিত সরকার ব্যবস্থার কথা লিখেছেন মুহিত। দ্বিতীয় প্রবন্ধটি বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এরপরে অক্সফোর্ড  ও ব্রাসেলস নিয়ে রয়েছে দুটি প্রবন্ধ। এরপরের প্রবন্ধগুলো বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে যাওয়া গুণী ব্যক্তিত্বদের নিয়ে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত জানান, প্রবন্ধগুলো নির্বাচন করতে গিয়ে তাকে বেশ বেগ পেতে হয়েছে। বিভিন্ন সময়ে লেখা কলামগুলো অন্তর্ভুক্ত করতে গিয়েও তিনি সিদ্ধান্ত বদল করেছেন। “আমি কলামগুলো অন্তর্ভুক্ত করলে সেগুলো হয়তো পাঠকের দৃষ্টি আকর্ষণ করত না। প্রকাশক মাজহারের সঙ্গে বসে, নানা সময়ে লেখা প্রবন্ধগুলো থেকে ২০টি নির্বাচন করতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে।”

নিজের লেখালেখি নিয়ে তিনি বলেন, “ওভার দ্য ইয়ারস আমার লেখালেখির ধরন ব্যাপক পরিবর্তিত হয়েছে। এখন লেখায় অনেক তথ্য থাকে, তা কাঠখোট্টা হয়ে যায়। এটা একটা দুর্বলতাও বলতে পারেন। আমার সৃজনশক্তি একটা পর্যায়ে রয়েছে, তার একটা বিবর্তন হতে যাচ্ছে। সময় খরচ করে বাড়তি চিন্তা করা যৌবনের গুণগুলো যেন কমে যাচ্ছে।”

অর্থমন্ত্রী জানান, 'নির্বাচিত প্রবন্ধ' সংকলনটি তিনি তার দীর্ঘদিনের সুহৃদ আনিসুজ্জামানকে উৎসর্গ করেছেন।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আবুল মাল আবদুল মুহিত সেই বিরল মানুষদের একজন, যিনি সংবিধানে প্রতিশ্রুত স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোকপাত করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে তার আবেগ ও ভাবনার কথা রয়েছে একটি প্রবন্ধে। মানুষের সঙ্গে তার যে হৃদয়জাত সম্পর্ক, তা উঠে এসেছে অন্যান্য প্রবন্ধে।” অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “মুহিত ভাইয়ের লেখা অত্যন্ত সংহত, নিবিষ্ট ও মননশীল। তিনি যার সম্পর্কে লিখেন, তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে লিখেন। মুহিত ভাইয়ের লেখা আমার কাছে অত্যন্ত মূল্যবান।”

'নির্বাচিত প্রবন্ধ ' এর স্বশাসিত সরকার বিষয়ক প্রবন্ধ নিয়ে তিনি বলেন, "প্রবন্ধটি শাণিত ও সুচিন্তিত। জেলায় জেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠা হলে তার সাথে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ কেমন হবে, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করা হয়েছে এ প্রবন্ধে। স্থানীয় সরকারে যেতে হলে আমাদের মুহিত ভাইয়ের দেখানো পথে হাঁটতে হবে।"
কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, “অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার চিন্তাভাবনার প্রকাশ ও বাস্তবতার বিশ্লেষণ করতে চান বলে এখনো তিনি লিখে চলেছেন। এ গ্রন্থের নানা প্রবন্ধে তার মানবতা ও বন্ধু বাৎসল্যের প্রমাণ পেয়েছি।

অর্থমন্ত্রীর লেখালেখি নিয়ে শামসুজ্জামান খান বলেন, “এত ব্যস্ততার মধ্যেও তিনি এত লেখা কিভাবে লেখেন, তা ভেবে বিস্মিত হই। যত্ন, পরিশীলনে নানা মাত্রিকতা ফুটে উঠে তার লেখায়। প্রবন্ধগুলো হৃদয়গ্রাহী, যিনি পড়বেন তিনিই অভিভূত হবেন।"

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ১৮২ পৃষ্ঠার 'নির্বাচিত প্রবন্ধ' র মূল্য ৫০০ টাকা।