২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষাটের দশকের তিন ছাত্রনেতার বয়ানে উত্তাল সময়ের বিবরণ

বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের দিনগুলো কেমন ছিল, তার একটি চিত্র উঠে এসেছে ষাটের দশকের তিন ছাত্রনেতা তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম নাহিদ ও আসাদুজ্জামান নূরের বয়ানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 01:53 AM

Updated : 11 Oct 2022, 12:09 PM

এই তিনজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল তৎকালীন ইকবাল হল বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। শুক্রবার হলের সাবেক ছাত্রদের পুর্নমিলনীতে এসে উত্তাল সেই সময়ের নানা ঘটনা বললেন তারা।

তোফায়েল জানান, ১৯৬৪ সালে হলের ১২২ নম্বর কক্ষে ওঠেন তিনি। এরপর যান ৩২৯ নম্বর কক্ষে এবং সেখান থেকে যান ৩১৩ নম্বর কক্ষে, যে কক্ষটি অনেক ঘটনার স্বাক্ষী হয়ে আছে। ১৯৭০ সাল পর্যন্ত এই হলে ছিলেন তিনি।

হলের দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি বলেন, “ছাত্রাবস্থায় আমাদের সবার সাথে সবার সম্পর্ক ছিল মধুর। ব্যক্তিজীবনে কে কোন পার্টি করি, এটা আমাদের মধ্যে প্রভাব ফেলত না। আমরা এক টেবিলে বসতাম। কি হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করতাম!

“স্মৃতির পাতায় সেই সব দিনের কথা মনে পড়ে। এই হলে থেকেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। ছেষট্টি সালের ৭ জুন আমার রুম থেকে বেরিয়েই শেখ ফজলুল হক মণি ভাই গ্রেপ্তার হয়েছিলেন। এই রুমে রয়েছে অজস্র স্মৃতি। সে সময়ের ছাত্র রাজনীতির পুরোধা ব্যক্তিত্বরা এই রুমে আসতেন, আড্ডা দিতেন, ঘুমাতেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব আমাকে হলের পেছনের এই গেটে ডেকে নিয়ে কথা বলতেন। রাজনীতি করার জন্য টাকা দিতেন। অনেক স্মৃতি এই হলে।”

১৯৬৫ সালে তৎকালীন ইকবাল হলে ওঠেন তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা ও বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, “আমি, আসাদুজ্জামান নূর আর তোফায়েল ভাই সমসাময়িক সময়ে হলে উঠি। প্রথম বর্ষে আমি থাকতাম ১১৭ নম্বর রুমে। এক রুমেই আমরা ১৬-১৭ জন থাকতাম। এর মধ্য দিয়েই আমরা আন্দোলন সংগ্রামে যেতাম।

“১৯৬৯ সালের ১৭ জানুয়ারি ছাত্রদের ১১ দফা দাবিতে আমরা মিছিল করি। ১৮ জানুয়ারির পর ২০ জানুয়ারি আবার মিছিল বের করলে পুলিশ গুলি করে মিছিলে। এতে শহীদ হন আসাদ। আসাদ আমার ক্লাসমেট ছিল।”

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তোফায়েল আহমেদের ভূমিকা নিয়ে নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানের সময়ে আমরা ফয়সালা করতে বঙ্গভবন, গণভবনে যাই নাই। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ফয়সালা করতে ইকবাল হলে আসত। আমরা তোফায়েল ভাইয়ের নেতৃত্বে যেতাম। অফিসাররা তোফায়েল ভাইয়ের সামনে কথা বলতে গিয়ে ভয়ে কাঁপতেন।”

১৯৬৮-৬৯ সালে ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তোফায়েল আহমেদ।

সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আরেক নেতা বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “১৯৬৬ সালে আইন বিভাগের ছাত্র হিসেবে আমি এই হলে উঠি। ছাত্র রাজনীতি করতাম বলে রাতে ক্লাস করতাম। ’৭১ এর ৭ মার্চ পর্যন্ত আমি এই হলে থাকি। তারপর মুক্তিযুদ্ধে যোগ দেই। এরপর আর এই হলে আসিনি।”

হলে ওঠার পর তোফায়েল আহমেদ, প্রয়াত আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমুসহ তৎকালীন ছাত্রনেতাদের সঙ্গে পরিচয় ও রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।

বিএনপিকে বর্জনের আহ্বান

চারদলীয় জোট সরকার আমলে যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দেওয়ার বিপরীতে তার মতো মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া পরানোয় বিএনপিকে বর্জনের আহ্বান জানান তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “স্বাধীনতার চেতনা, মূল্যবোধকে যারা ভুলুণ্ঠিত করেছিল, যারা রাজাকারের গাড়িতে পতাকা দিয়ে আমার মতো মুক্তিযোদ্ধা তোফায়েলের হাতে হাতকড়া পরিয়েছিল, ২০০২ সালে কাশিমপুর কারাগার থেকে কুষ্টিয়া যাওয়ার পথে আমার হাতে হাতকড়া আর সেই আরিচা ফেরিঘাটে মুজাহিদের গাড়িতে পতাকা। আসুন তাদের ঘৃণা করি, আসুন তাদের বর্জন করি।”

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় অবস্থান জানান আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৃহস্পতিবারের আলোচনা নিয়ে তিনি বলেন, “কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছিলেন, তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমি বলেছিলাম, হ্যাঁ, আমরাও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেই নির্বাচন হতে হবে আমেরিকার মতো।

“বারাক ওবামা যেভাবে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচন দেয় আমাদের এখানেও নির্বাচন সেইভাবে হবে। নির্বাচন হবে সংবিধান অনুসারে। আমরা চাই সকল দল যাদের নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন আছে তারা নির্বাচনে অংশ নিক। আপনি (মার্শা বার্নিকাট) যদি পারেন তাহলে আপনিও ভূমিকা রাখেন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য মো. সামাদ, কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসারসহ হলের সাবেক ছাত্ররা। আলোচনা শেষে এলামনাইয়ের পক্ষ থেকে হলের ছয়জন ছাত্রকে বার্ষিক ৩০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

পূনর্মিলনী উপলক্ষে হলের সব ছাত্রদের নিয়ে দুপুরের খাবার খান সাবেকরা। বিকালে হয় র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে আতশবাজি, লেজার শো আর ওয়ারফেইজ, লালনের মতো ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজনের।