আনিস আহমেদের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রবাসী সাংবাদিক, শিক্ষক আনিস আহমেদের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে কাব্যগ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রফিকুল ইসলাম।
কাব্যগ্রন্থগুলোর মধ্যে ৯৬টি প্রেমের কবিতা নিয়ে স্বদেশশৈলী প্রকাশনা থেকে এসেছে ‘কবিতা বৃষ্টি ও তুমি’; অন্য কাব্যগ্রন্থ ‘জোৎস্নার জলে জ্বর’ সাজানো হয়েছে ৯৪টি ভিন্ন ধাঁচের কবিতা নিয়ে।
এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান ও অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান ও বিশেষ অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম দুটি কাব্যগ্রন্থের কবিতাগুলোর নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচিক শিল্পী ও বেতার ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী। তিনি ও আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে শোনান।
নিজের কাব্যসাধনা নিয়ে আনিস আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশের তরুণ প্রজন্ম যখন গণজাগরণ মঞ্চে দেশের পক্ষে শোর তুলল, তখন তাতে কোটি মানুষের সমর্থন তাকে কবিতা লেখায় প্রণোদণা যুগিয়েছিল।
আনিস আহমেদের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ইলিশিয়ামের প্রতীক্ষায়’, ‘শব্দ ও নৈঃশব্দের সুর’, ‘আলোকিত পালকের জলবিন্দু’ ও ‘অন্তঃপুরের নিরন্তর স্বপ্ন’।
নিজের প্রথম কাব্যগ্রন্থ ‘ইলিশিয়ামের প্রতীক্ষায়’-এ তিনি লিখেছিলেন, “গ্রীক পুরাণে ব্যক্ত পারলৌকিক স্বর্গ একটি আদর্শের প্রতীক। এই আদর্শ স্থানটির সন্ধান, একে প্রাপ্তির সম্ভাব্য আনন্দ, না পাওয়ার বেদনা ব্যপ্ত রয়েছে এই কাব্যগ্রন্থে।”
ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আনিস আহমেদ ঢাকার নটরডেম কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।
১৯৯৪ সালে বিবিসি বেতারে কাজের মধ্য দিয়ে আনিস আহমেদের সাংবাদিকতার শুরু। ২০০১ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দিয়ে এখনও সেখানে কাজ করছেন তিনি।
এর মধ্যে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ভাষা শিক্ষা কেন্দ্রে বাংলা পড়িয়েছেন আনিস আহমেদ। বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লেখার পাশাপাশি বেতার ও টিভিতে নানা অনুষ্ঠানও করেছেন তিনি।
