২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডি: ইস্তফাপত্র প্রত্যাহার ৭২ কর্মীর

নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের একটি প্রকল্পের ৭২ কর্মী চাকরি ছাড়ার হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 01:03 AM

Updated : 19 Aug 2022, 01:40 PM

পদত্যাগপত্র দেওয়ার পেছনে একটি চক্র সক্রিয় থাকতে দাবি করে এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের জানান,  ৭২ কর্মীর সঙ্গে তারা বসেছেন। তাদের দাবির বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

তিনি বলেন, “পদত্যাগকারীদের মধ্যে বেশিরভাগ কাজে ফিরছেন। যারা কাজে ফিরবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দাবিগুলো বিবেচনার জন্যে আরও পাঁচ-ছয় মাস সময় লাগবে বলে জানান ব্রিগেডিয়ার সাইদুল।

পদের নাম, বেতন গ্রেড পরিবর্তন ও চাকরি স্থায়ী করা না হলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিইএ  প্রকল্পের ৭২ কর্মী ফেব্রুয়ারির পর আর চাকরি না করার হুমকি দিয়েছিলেন।

ফেব্রুয়ারিতে তাদের মেয়াদ শেষ হচ্ছে। আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস’ (আইডিইএ) প্রকল্পে টেকনিক্যাল এক্সপার্ট’ ও টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মরত  রয়েছেন এসব কর্মী।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরুর সময় থেকে এই কর্মীরা আইডিইএ প্রকল্পে কাজ করে আসছেন। বর্তমানে চলমান থাকা স্মার্টকার্ড বিতরণ কাজেও তাদের সম্পৃক্ততা রয়েছে।

প্রকল্পের একাধিক কর্মী জানান, এনআইডি উইংয়ের মহাপরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গণইস্তফাপত্র প্রত্যাহার করে নিচ্ছেন তারা।  কাজে যোগ দিয়েছেন অধিকাংশ কর্মী। সময় সাপেক্ষে দাবিগুলো ইতিবাচক ও যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন মহাপরিচালক।

পুরনো খবর:

এনআইডি প্রকল্পের ৭২ জনের  ‘চাকরি ছাড়ার’ হুমকি