শেষদিকে আগ্রহ মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ে
অমর একুশে বইমেলার শেষভাগে এসে পাঠকদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের প্রতি আগ্রহ দেখা গেছে।
আর একদিন বাদেই বুধবার রাতে পর্দা নামবে এই মেলার।
মেলার ২৭তম দিনে মঙ্গলবার প্রকাশকরা জানিয়েছেন, যুদ্ধাপরাধ, একাত্তরের গণহত্যার নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করতে মুখিয়ে থাকা তরুণ পাঠকের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য।
পাঠকরাও জানিয়েছেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা-বোঝাকে আরো সমৃদ্ধ করতে তারা মুক্তিযুদ্ধের বই খুঁজে বেড়িয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে, স্বাধীনতার ঘোষক বিতর্ক নিয়ে নানা প্রবন্ধের সংকলন ‘স্বাধীনতার ঘোষণা: ইতিহাসের নিজস্ব পাঠ’ বইটি।
শুধু গল্প পড়লেই চলবে? বই পড়ে জ্ঞানও তো বাড়াতে হবে
“অহেতুক এই বিতর্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এ নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক থাকা উচিৎ নয়। যারা করবে, তারা পাকিস্তানেরই দোসর।রাজনীতিবিদরা তরুণদের মাথা খাচ্ছে। তাদের জন্য এ বইটির বেশ কটি কপি কিনে নিয়ে যাচ্ছি।আমার ছাত্রছাত্রীরা যত বই পড়বে, ততই জানবে সত্যিটা।”
তিনি বিপিএল থেকে কিনে নেন ‘ডেটলাইন ঢাকা’ বইটিও।
মুক্তিযুদ্ধের রচনা প্রসঙ্গে ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, “মুক্তিযুদ্ধভিত্তিক যেসব রচনা আসছে, তার অধিকাংশই রিপিটেশন।রিপিটেশন নয়, আমরা চাই তরুণ লেখক, গবেষকরা মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস অনুসন্ধানে ব্রতী হবে। গণহত্যা-নির্যাতন আর্কাইভের হয়ে আমরা যখন কাজ করছি, তখন তরুণরাও অনেক তথ্য উপাত্ত নতুন করে আবিষ্কার করছে। তাই হতাশ হওয়ার কোনো কারণ আমি দেখি না। মুক্তিযুদ্ধের নতুন তথ্য যত আসবে, ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
জিনিয়াস পাবলিকেশন্স থেকে এবার প্রকাশিত হয়েছে প্রবাসী লেখক হেনরি চৌধুরীর মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর গল্পের সংকলন ‘ঠিকানার সন্ধানে’।
মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া হেনরি তার পরিবারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস যতই বলব, শেষ হবে না। মুক্তিযুদ্ধকে নানা আঙ্গিকে দেখার অবকাশ রয়েছে তরুণ প্রজন্মের। প্রকাশকরা হয়তো বলবেন, মুক্তিযুদ্ধের বইয়ের চাহিদা কম।কিন্তু তরুণ প্রজন্মের গবেষকরা যদি বছরে একটি করেও বই লিখেন, তাতেও অনেক কিছু।তাদের হাত ধরেই মুক্তিযুদ্ধের কথা জানবে আরেক প্রজন্ম।”
বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী, মেলার ২৬তম দিন পর্যন্ত ৪১৩৪টি নতুন বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই এসেছে ৮২টি।
একুশে বইমেলার শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মানুষের ঢল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
বাংলা একাডেমি থেকে এবারের বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের মধ্যে এসেছে শামসুজ্জামান খান সম্পাদিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: বহুমাত্রিক বিশ্লেষণ’, তপন পালিতের ‘মানবতাবিরোধী অপরাধ বিচার আন্দোলন’, রশীদ হায়দার সম্পাদিত ‘স্মৃতি ৭১ (প্রথম খণ্ড)’, কাজী সাজ্জাদ আলী জহিরের ‘রংপুর সেনানিবাসে দুঃসাহসিক অভিযান’ ও ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর’।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে গিয়ে আরো অনেক নতুন তথ্য পেয়েছি। সেসব চমকপ্রদ তথ্য নিয়ে আরো কিছু বই প্রকাশ করব। বাংলা একাডেমি কাজ করছে।”
বিপিএলের ১০টি নতুন বই
নতুন বইগুলোর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘স্বাধীনতার ঘোষণা: ইতিহাসের নিজস্ব পাঠ’, ভাষা গবেষণা বিষয়ক ‘মোদের গরব মোদের আশা’ ও ‘ভাষা ও সাহিত্য সাধনা’, বিজ্ঞান রচনা বিষয়ক ‘বিতর্ক: মাতৃভাষায় বিজ্ঞান’, দর্শনের বই ‘দার্শনিকের মৃত্যু ও অন্যান্য নিবন্ধ’, স্মৃতিকথা ‘চিরসখা হে’, অর্থনীতির বই ‘কনটেমপরারি ইকোনমিক ইস্যুজ অ্যান্ড পলিসিস’।
এছাড়া ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক লেখার সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে ‘নগরনাব্য: চলচ্চিত্র চালচিত্র’।
বিপিএলের হেড অফ অপারেশন মুতাসিম বিল্লাহ বলেন, “নতুন বইগুলো স্টলে আসার পরই মননশীল বইয়ের পাঠকদের আনাগোণা বেড়েছে। উপন্যাস, গল্প প্রবন্ধের বাইরে যারা একটু ভিন্নধর্মী বই চান, তারা ভিড় করছেন নতুন বইয়ের খোঁজে।”
টানা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি
মধ্য ফাল্গুনের বৃষ্টিতে মেলায় বেশকজন প্রকাশক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
উৎস প্রকাশনীর স্বত্বাধিকারী মোস্তফা সেলিম জানান, টানা বৃষ্টিতে বই ভিজে তার এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইত্যাদি প্রকাশনীর স্বত্বাধিকারী জহিরুল আবেদীন জুয়েল জানান, তাদের ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা।
এছাড়া কথাপ্রকাশ ৫০ হাজার টাকা, আফসার ব্রাদার্স ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।
এছাড়া বৃষ্টিতে অনুপম প্রকাশনী, চারুলিপি, একুশে বাংলা, পাঠক সমাবেশ, স্টুডেন্ট ওয়েজ,
এশিয়ান পাবলিকেশন্স, ভাষা প্রকাশ, ম্যাগনাম ওপাস, সূচনা, মুক্তচিন্তা, ইলমা, ঘাসফুল নদী, চমন, নওরোজ কিতাবিস্তান, আইডিয়াল, দেশ পাবলিকেশন্স, অনার্য, ঐতিহ্য, অনন্যা, সূচীপত্র, শোভাপ্রকাশ, সময় প্রকাশনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মেলায় এলো ‘নির্বাচিত ১০০ ভাষণ: শেখ হাসিনা’
জিনিয়াস পাবলিকেশন্স থেকে এবার মেলায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত ১০০ ভাষণ: শেখ হাসিনা’ বইটি।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার দেওয়া ভাষণগুলোর মধ্য থেকে বাছাই করা ভাষণের সংকলন করা হয়েছে বইটিতে।
বইটির সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
