২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ঘণ্টার বেশি কাজ করেন ৫০% নারী পোশাককর্মী: গবেষণা

শ্রম আইনে দিনে আট কর্মঘণ্টার কথা বলা হলেও বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে কর্মরত অর্ধেকের বেশি নারী শ্রমিক এর চেয়ে বেশি কাজ করেন। কারো কারো ক্ষেত্রে কর্মঘণ্টা চৌদ্দও ছাড়িয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 06:45 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

কর্মজীবী নারীদের সংগঠন ‘কর্মজীবী নারী’ ও কেয়ার বংলাদেশের ‘ঐক্য’ প্রজেক্ট পরিচালিত এক গবেষণায় নারী শ্রমিকদের কাজের এরই চিত্র উঠে এসেছে।

সোমবার সোনারগাঁও হোটেলে ‘কর্মক্ষেত্রে তৈরি পোশাক শিল্পখাতের নারী শ্রমিকদের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণার প্রতিবেদন উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকির হোসেন।

গবেষণার জন্য ঢাকা ও গাজীপুরের ৬৪টি পোশাক কারখানার ১৫০ জন নারী শ্রমিককে বেছে নেওয়া হয়।

এদের মধ্যে প্রায় অর্ধেক শ্রমিক দৈনিক ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করার কথা জানিয়েছেন। ১০ ঘণ্টার বেশি সময় কাজ করেন ৫০ শতাংশের বেশি শ্রমিক; এর মধ্যে ৩৯ শতাংশ শ্রমিক ১১-১২ ঘণ্টা কাজ করেন। এছাড়া ১৩ থেকে ১৪ ঘণ্টা কাজ করে ৮ শতাংশ নারী শ্রমিক। দুই শতাংশ শ্রমিক ১৪ ঘণ্টার বেশি কাজ করেন।

মাত্র ১ শতাংশ শ্রমিক দিনে আট ঘণ্টা কাজ করার কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে অধ্যাপক জাকির হোসেন বলেন, “কর্মক্ষেত্রে বাচনিক হয়রানি অর্থাৎ গালি ও কটূ কথার শিকার হতে হয় প্রায় ৮৫ শতাংশ নারী শ্রমিককে। যৌন হয়রানির শিকার হয় ১৩ শতাংশ নারী শ্রমিক। ৭১ শতাংশ নারী শ্রমিককে মানসিকভাবে হয়রানির শিকার হতে হয়। প্রতিনিয়ত চাকরি হারানোর ভয় বা ছাটাইয়ের ভয়ে থাকেন তারা। চড় বা আঘাতের মতো শারীরিকভাবে হয়রানির শিকার হন ৩০ শতাংশ নারী শ্রমিক।

“এ ধরনের হয়রানির ক্ষেত্রে ৬৮ শতাংশ নারী শ্রমিকই জানেন না যে তারা অভিযোগ করতে পারবেন।”

এ গবেষক আরও জানান, তার পরিচালিত গবেষণাটির ৭৮ শতাংশ নারী শ্রমিক বলেছে, তারা মাতৃত্বকালীন ছুটি পেয়েছেন। ৩৭ শতাংশ শ্রমিক চার মাসের জায়গায় দুই থেকে তিন মাসের জন্য ছুটি পেয়েছেন, তবে এদের নয় শতাংশ বেতন ছাড়া ছুটি পেয়েছেন। ১৮ শতাংশ জানেন না মাতৃত্বকালীন ছুটির কথা। আর ৪৩.৭ শতাংশ নারী শ্রমিক জানেন না তারা দীর্ঘমেয়াদী মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন।  

রাতের পালায় কাজের জন্য সম্মতি নেওয়ার আইনি কাঠামো থাকলেও ১৫ শতাংশ শ্রমিককে সবসময় বাধ্যতামূলকভাবে এ দায়িত্ব পালন করতে হয় বলে গবেষণায় এসেছে।

জাকির হোসেন বলেন, “গবেষণাটির প্রায় ৭৫ শতাংশ নারী শ্রমিককে নৈশকালীন দায়িত্ব পালন করতে হয়েছে।”

কর্মক্ষেত্রে জেন্ডার পলিসি বাস্তবায়ন বাধ্যতামূলক করা, গার্মেন্টসে নারী ও পুরুষকে সচেতন করার জন্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সুপারিশ করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমীন বলেন, “পাবলিক সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলেও শ্রম আইনে তা চার মাস। সরাসরি উৎপাদনের সাথে যারা জড়িত, তাদের ছুটি দেওয়া হয়েছে চার মাস। যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার পর্যন্ত নারী- সে রাষ্ট্রে এটা হয় কিভাবে?

সরকারি ও বেসরকারি খাতের সেক্টরের বৈষম্য নিয়েও গবেষণার তাগিদ এবং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানান এ শ্রমিক নেতা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, “গবেষণাটির ফলাফল সরকার, মালিকপক্ষ, এবং শ্রমিকপক্ষ সম্মিলিতভাবে পর্যালোচনা করে একটি প্রায়োগিক নীতিমালা প্রণয়ন করার মাধ্যমে তৈরি পোশাক শিল্প কারখানায় নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।

“শ্রমিকদের মজুরি কত থাকা উচিত সে বিষয়ে ট্রেড ইউনিয়নের সাথে রাজনৈতিক সংগঠনগুলোরও বক্তব্য থাকা উচিত। কত টাকা বেতন হলে একজন শ্রমিক মধ্যম আয়ের দেশের শ্রমিক হতে পারে সেটাও জানা প্রয়োজন।”

কেয়ার বাংলাদেশের সহযোগিতা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ‘কর্মজীবী নারী’র সভাপতি প্রতিমা পাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমুখ।