অপরাধী সংশোধনের লক্ষ্য নিয়ে কারা আইন সংশোধন হচ্ছে: মন্ত্রী
কারাবাসের দিনগুলোতে অপরাধী যাতে সংশোধিত হয়ে নতুন মানুষ হিসেবে সমাজে ফিরে আসে সেই লক্ষ্য নিয়ে ‘প্রিজন অ্যাক্ট’ সংশোধন করা হচ্ছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।
মন্ত্রীর মতে, ব্রিটিশ শাসকরা এদেশের মানুষকে কারাগারে ঢুকিয়ে শাস্তি দেওয়ার জন্য ১২৪ বছর আগে এই আইন করেছিল। এখন সেই অবস্থা বদলেছে অপরাধীকে শাস্তি নয়, সংশোধন করতে চায় বাংলাদেশ সরকার। সেজন্য সংশোধিত আইনের নামও হবে ‘প্রিজন অ্যান্ড কারেশনাল সেন্টার অ্যাক্ট’।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, “আমাদের প্রিজন অ্যাক্ট হচ্ছে ১৮৯৪ সালের। এটা ১২৪ বছর আগের। তো ১২৪ বছর আগের প্রিজন অ্যাক্ট, তখন আমাদের যারা কলোনিয়াল রুলার ছিলেন তারা আমাদের জেলে নিয়ে শাস্তি দিতে চাইতেন। আজকের প্রেক্ষিত হচ্ছে- আমরা চাই, যারা অপরাধ করেন তারা একটা-ই অপরাধ করবেন।”
২০১৮ সালেই আইন সংশোধনের আশা প্রকাশ করে আনিসুল হক বলেন, “অপরাধী যখন ওই অপরাধ করে জেলখানার ভেতরে যান সেই অপরাধের জন্য শাস্তি ভোগ করে ফিরে এসে সমাজের সাথে একাত্মতা নিয়ে থাকতে পারেন, তার জন্য সেই ব্যবস্থা করা। এর জন্য আজকে প্রিজনের নাম বদলে ‘কারেকশনাল অব সেন্টার’ রাখা হয়েছে। সেই কারণে সেখানে আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে প্রিজন অ্যাক্ট-১৮৯৪ বদলে ‘প্রিজন অ্যান্ড কারেকশনাল সেন্টার অ্যাক্ট-২০১৮’ করতে পারব।”
মামলা জট ছাড়াতে বিকল্প বিরোধ নিষ্পত্তি রেজুলেশনের মাধ্যমে আদালতের বাইরে মামলা নিষ্পত্তিতে জনগণকে উৎসাহী করতে উদ্যোগ নেওয়ার জন্য জেলা জজদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে সারা দেশের আদালতগুলোতে ৩৩ লাখ মামলার জট আছে। এই সংখ্যা আগামী বছরে বাড়তে দিতে চান না তারা।
হত্যাকাণ্ড বা বড় ধরনের অপরাধের নিষ্পত্তি এডিআরের বাইরে রাখতে বলেন তিনি।
মামলা জটের অন্যতম কারণ হিসেবে বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগাযোগের ‘সমন্বয় ও সহযোগিতার’ অভাবের কথা বলেন আইনমন্ত্রী।
“একটি মামলার বিভিন্ন পর্যায়ে যেমন- অভিযোগ তদন্ত, মামলা দায়ের, আদালতে মামলা পরিচালনা এবং মামলার রায়সহ সকল পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থার আন্তঃযোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয়ের অভাব মামলার নিষ্পত্তিতে বিলম্ব হয়। এর ফলসরূপ বিপুল সংখ্যক মামলার জট তৈরি হয়।”
২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর এখন পর্যন্ত ৮৮০ জন নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ন্যাশনাল জাস্টিস কোঅর্ডিনেশন কমিটি মানুষের ন্যায়বিচার পেতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।
“এর কাজ হবে একটি টেবিলে সকল স্টেকহোল্ডারদের এনে অসুবিধাগুলো দূরীকরণে কী পদক্ষেপ নিতে হবে- কোথায় সমস্যা তা দেখা, সমস্যা সমাধানের পথ বের করা। এটাই যে একমাত্র বা শেষ তা নয়।”
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখারুজ্জামান, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন বক্তব্য দেন।
