কুমিল্লায় বাসে বোমা: খালেদার এক মামলার বাধা কাটল
তিন বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা নিক্ষেপে হতাহতের ঘটনায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
পাশাপাশি হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন (লিভ টু আপিল) আগামী ২৯ মার্চ শুনানির জন্য আপিলের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলারও আসামি খালেদা জিয়া।
মঙ্গলবার আদালতে এই মামলার শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
অ্যাটর্নি জেনারেল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপে হতাহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ প্রথমে ৫৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।”
পেট্রোল বোমায় পোড়া বাসটি, যার ৮ যাত্রী নিহত হন
ওই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ২৫ অক্টোবর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ।
হাই কোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দিল।
এ আদেশের ফলে মামলার কার্যক্রম চলতে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসনসহ আসামিদের গ্রেপ্তারে গত ২ ফেব্রুয়ারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত। ওই পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৪ এপ্রিলের মধ্যে দাখিলের জন্য গত রোববার বিচারক নির্দেশ দিয়েছেন।
