ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা, দম্পতিসহ গ্রেপ্তার ৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে লক্ষাধিক ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারদের মধ্যে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া দম্পতিও রয়েছেন।
সোমবার ভোরে বসুন্ধরার ‘জি’ ব্লকের ১০ নম্বর রোডের একটি বাড়ির পঞ্চমতলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন- সিরাজুল ইসলাম রুবেল (৩২), তার স্ত্রী সুমাইয়া সুলতানা রিয়া (২৪) এবং
মফিজুল ইসলাম (২৮), মো. শাকের (২৪) এবং জসিম উদ্দিন (২২)।
ফ্ল্যাট থেকে ২০ হাজার এবং গাড়ি পার্কিংয়ে একটি মাইক্রোবাস থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মফিজুল মাইক্রোচালক। আর টাকার বিনিময়ে ঢাকায় ইয়াবার চালান পৌঁছে দিতে এসেছিল শাকের এবং জসিম।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইক্রোবাসে করে টেকনাফ থেকে রোববার সন্ধ্যায় তারা তিনজন ইয়াবার চালান নিয়ে ঢাকায় পৌঁছে।
তিনি বলেন, “গার্মেন্টসের পরিত্যক্ত সামগ্রীর ব্যবসায়ী সিরাজুলের সঙ্গে গতবছর টেকনাফের এক মাদক ব্যবসায়ীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই সিরাজুল মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
“মাদক ব্যবসায়ীদের পরামর্শে সিরাজুল ৪০ হাজার টাকায় বসুন্ধরায় বাসা ভাড়া নেয়। প্রায় তিনমাস ধরে তারা সেখানে থাকছে।”
তিনি বলেন, “মাইক্রোবাসটি গ্যারেজে ছিল। চালকসহ তিনজন পাঁচতলায় বিশ্রাম নিচ্ছিল এবং সোমবার তাদের চলে যাওয়ার কথা। ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে ২০ হাজার এবং পরে তাদের জিজ্ঞাসাবাদ করে মাইক্রোবাসের ভেতরে বিশেষ চেম্বার করে রাখা আরো এক লাখ ইয়াবা পাওয়া যায়।”
রাজধানীর গুলশান, ধানমন্ডি ও উত্তরা ছাড়াও নরসিংদী, দোহারের থেকে মাদক ব্যবসায়ীরা এই ফ্ল্যাট থেকে চাহিদা ইয়াবা সংগ্রহ করতে বলে তিনি জানান।
লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, শাকের ও জসিম জিজ্ঞাসবাদে জানিয়েছে, তারা প্রত্যেকেই ৩০ হাজার টাকার বিনিময়ে টেকনাফ থেকে এসব ইয়াবা নিয়ে এসেছে। চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীর হয়ে তারা এ কাজ করে।
“আমরা ওই মাদক ব্যবসায়ীকে খুঁজছি,” বলেন র্যাবের এই কর্মকর্তা।
