সাক্ষ্যগ্রহণে আটকে হুমায়ুন আজাদ হত্যা মামলা
চৌদ্দ বছর ধরে ঝুলে থাকা লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হমায়ুন আজাদ হত্যা মামলার বিচার এখন আটকে আছে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে এসে।
গত বছরের ১৮ অক্টোবরের পর এখন পর্যন্ত কোনো তারিখেই সাক্ষী আদালতে হাজির না হওয়ায় থমকে গেছে বিচার।
সোমবার সাক্ষ্য নেওয়ার দিন থাকলেও কেউ না আসায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ঈমান আলী শেখ আগামী ২২ মার্চ নতুন তারিখ রেখেছেন।
একই ঘটনায় বিস্ফোরক দ্রব্যের মামলাটিরও এই আদালতে বিচার চলছে। এ মামলাতেও ২২ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ রেখেছেন বিচারক।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশের বইমেলা থেকে বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে টিএসসির দিকে এগিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হন হুমায়ুন আজাদ।
কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর ওই বছর অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। পরে ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
হুমায়ুন আজাদ
এরা হলেন- মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেল। এরা নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা।
আসামিদের মধ্যে নূর মোহাম্মদ শামীম ওরফে সাবু, মিনহাজ ও সালেহীন পলাতক আছেন। মিনহাজ ও সালেহীনকে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ছিনিয়ে নিয়েছিল জঙ্গিরা। সাবু শুরু থেকেই পলাতক আছেন।
মামলার নথিপত্রের শেষ আদেশে হাফেজ মাহমুদকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রথমে আসামি করা হলেও পরে বাদ দেওয়া হয় তাকে।
আদালতের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, এই মামলায় রাষ্ট্রপক্ষের ৫৮ সাক্ষীর মধ্যে ৪১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
এদের মধ্যে রয়েছেন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুরুল কবির ও সাজ্জাদ কবির, ছেলে অনন্য আজাদ, মেয়ে মৌলী আজাদ, আগামী প্রকাশনীর মালিক ওসমান গণি, কবি মোহন রায়হান, কবি নাসির আহমেদ, প্রয়াত রফিক আজাদ, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি বদরুল হুদা, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের রফিকুল ইলাম, ফটো সাংবাদিক ইফতেখার উদ্দিন আহমেদ পাভেল, ১৬৪ ধারার জবানবন্দী গ্রহণকারী হাকিম একেএম ইমদাদুল হক, হাকিম মো. শফিক আনোয়ার।
মিউনিখের চিকিৎসকের সনদপত্র মামলার নথিপত্রে যুক্ত করা গেলেও ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া চিকিৎসককে হাজির করা যায়নি।
আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিউনিখের চিকিৎসককে ঢাকায় এনে সাক্ষ্য দেওয়ার জন্য দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমন পাঠানো হলেও তিনি আসছেন না।”
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে হামলার শিকার হন হুমায়ুন আজাদ।
রোগীর আহত অবস্থার সংক্ষিপ্ত নোট তৈরি করা সেসময় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অঞ্জন কুমার দেব ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন।
নথিতে দেখা যায়, মামলায় শেষ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে গত বছরের ১৮ অক্টোবর । শেষের সাক্ষী ছিলেন অন্যতম আসামি রাজশাহীর সাঘাটের নূর মোহাম্মদ সাবুর নাম ঠিকানা যাচাইকারী পুলিশ উপ-পরিদর্শক আইয়ূব খান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হেলাল এবং সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, চিকিৎসকের সাক্ষ্য পেলেই মামলাটি আসামিদের আত্মপক্ষ সমথর্নের পর্যায় চলে আসবে, তারপর যুক্তিতর্ক। এরপরই রায়ের মুখ দেখা যাবে।
হুমায়ুন আজাদের বইয়ের প্রকাশক আগামী প্রকাশনের কণর্ধার ওসমান গনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে খুনিদের শাস্তির অপেক্ষায় আছি। এখন দ্রুত মামলার বিচার শেষ হোক, তাই চাই।
“আমি চাই, যুদ্ধাপরাধের বিচারের মতো এই ধরনের হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।”
