পল্লী উন্নয়ন বোর্ড বিল সংসদে পাস
সামরিক আমলে প্রণীত ‘বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স-১৯৮২’ বাতিল করে বাংলায় করা নতুন আইন সংসদে পাস হয়েছে।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।
গত ২২ নভেম্বর বিলটি সংসদে তোলেন মন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এতদিন পরিচালিত হচ্ছিল ১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে। আগে বিধান ছিল বোর্ড বছরে ছয় বার এবং দুই মাসে একবার সভা করবে। ওই নিয়ম পরিবর্তন করে নতুন আইনে বলা হয়েছে, প্রতি ৬ মাসে বোর্ডের কমপক্ষে একটি সভা হবে।
আগে পাঁচ জনের কম হলে বোর্ড সভায় কোরাম হত না। পাস হওয়া বিলে বলা হয়েছে, এক তৃতীয়াংশ সদস্য যদি উপস্থিত থাকলেই কোরাম হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য এর আইনি কাঠামো শক্তিশালী করা প্রয়োজন। ১৯৮২ সালের অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যাবতীয় কার্যক্রমকে আইনের আওতায় আনার লক্ষ্যে আইনটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
