২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮৪৭ জনের জন্য একজন চিকিৎসক: স্বাস্থ্যমন্ত্রী

দেশে প্রতি এক হাজার ৮৪৭ জনের জন্য একজন রেজিস্ট্রার্ড চিকিৎসক রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 09:08 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী সেম্পল ভাইটাল রেজিস্ট্রেইন সিস্টেম (এসভিআরএস) প্রতিবেদন ২০১৫ এর বরাত দিয়ে জানান, বাংলাদেশে মোট জনসংখ্যা ১৫ কোটি ৮১ লাখ। স্বাস্থ্য বিভাগে ২৪ হাজার ২৮টি পদের বিপরীতে ২২ হাজার ৩৭৪ জন চিকিৎসক কর্মরত রয়েছে। এই হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার ও জনসংখ্যার অনুপাত ১:৬৫৭৯।

বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তারের তথ্য অনুযায়ী এই অনুপাত ১:১৮৪৭। সেই অনুযায়ী প্রতি ছয় হাজার ৫৭৯ জন জনগণের জন্য একজন সরকারি এবং প্রতি এক হাজার ৮৪৭ জন জনগণের জন্য একজন রেজিস্ট্রার্ড (সরকারি ও বেসরকারি) চিকিৎসক রয়েছেন।

সরকারি দলের শেখ মো. নুরুল হকের প্রশ্নে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, গত ২০০৮ সালের জরিপ অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা দুই লাখ ৫০ হাজার ৩৯৯টি।

সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, দেশে বর্তমানে পাঁচটি সরকারি ও ৬১টি বেসরকারি পর্যায়ে তালিকাভুক্ত জাহাজ নির্মাণের প্রতিষ্ঠান আছে।

এসব প্রতিষ্ঠানে তৈরি করা জাহাজ ডেনমার্ক, জার্মানি, নিউজিল্যান্ড, গাম্বিয়া, উগান্ডা, কোরিয়া, কেনিয়াসহ আফ্রিকার দেশগুলোতে ইতোমধ্যে রপ্তানি করা হয়েছে।