২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড প্রেস ফাউন্ডেশন পুরস্কারের জন্য মনোনীত সোহান

নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের আলোকচিত্র সাংবাদিক মো. মাসফিকুর আখতার সোহান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2018, 01:00 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

রোহিঙ্গাদের নিয়ে তোলা ‘ওয়াচ হাউস বার্ন’ শিরোনামের ছবির জন্য মনোনয়ন পাওয়া সোহানসহ ২২টি দেশের ৪২ জন আলোকচিত্র সাংবাদিক এবার পুরস্কার পাচ্ছেন।

ফাউন্ডেশনের ‘জেনারেল নিউজ’ বিভাগে বিজয়ীদের তালিকায় এসেছে সোহানের নাম।

গত বছরের ৯ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির ‘লেদা ক্যাম্পের’ পাশের একটি পাহাড় থেকে ছবিটি তোলা হয়।

ছবিতে দেখা যায়, সেনাবাহিনীর নির্যাতনের শিকার মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি দল আশ্রয় কেন্দ্র থেকে তাদের ঘরবাড়ি পোড়ানোর দৃশ্য দেখছিলেন।

Image
মাসফিকুর আখতার সোহান

মাসফিকুর আখতার সোহান

সোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “লেদা ক্যাম্পে আমি প্রায় যেতাম, সেখানকার অনেকেই আমার চেনা। তাদের কয়েকজনকে ওই দিন খুঁজছিলাম, হঠাৎ দেখি মানুষজন পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। আমিও সেই পাহাড়ের উপর উঠলাম, তখন দেখি যে ওইপাড়ে রোহিঙ্গাদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, আর পাহাড় থেকে রোহিঙ্গারা তা দেখছিল, তখন আমি পেছনের আরেকটি পাহাড়ে গিয়ে ছবিটি তুলি।”

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানব উন্নয়ন বিভাগের পড়ুয়া সোহান কয়েকটি বিদেশি ফটো এজেন্সিতে কাজ করছেন। ১৯৯৪ সালে বগুড়ার সদরে তার জন্ম।

গত বুধবার ঘোষিত ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার আগামী ১২ এপ্রিল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

ফটোসাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মাননা ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। মনোনয়ন পাওয়াদের মধ্য ১৫ জন এর আগে এই পুরস্কার পেয়েছেন। ২৭ জন নতুনভাবে এবার মনোনয়ন পেয়েছেন। এবছর আটটি ক্যাটাগরিতে ৩১২টি ছবি থেকে ছবিগুলো বাছাই করা হয়।