কোটি টাকা আত্মসাত: ক্যান্সার হাসপাতালের হিসাব রক্ষকের যাবজ্জীবন
সাত বছর আগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীদের শয্যা ব্যবহার ও অন্যান্য খাতের ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার টাকা আত্নসাতের দায়ে হাসপাতালের হিসাব রক্ষক এস এম আবদুস ছালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিশেষ জজ আদালত।
বুধবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ জালাল উদ্দিন আহাম্মদ এ রায় দেন।
দণ্ডিত ছালাম পলাতক। তার বাড়ি বরিশালের আগৈলঝড়ার বাশাইল গ্রামে। ঢাকায় তিনি থাকতেন মহাখালী ওয়ারলেস গেইট এলাকায়।
হাসপাতালের বিভিন্ন বিভাগ ও শাখা হতে টিকেট বিক্রি, সিট ভাড়া, বিভিন্ন পরীক্ষার ফি আদায়ের পর হিসাব রক্ষককে বুঝিয়ে দেওয়া হয়। তিনি তা প্রতিদিনই চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন।
কিন্তু ২০১০ সালের ১ এপ্রিল থেকে ৩০ অক্টেবার পর্যন্ত ১ কেটি ৯২ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা ছালাম কোষাগারে না দিয়ে আত্মসাত করেন বলে প্রমাণিত হয়েছে।
ছালামের বিরুদ্ধে ২০১১ সালের ১৫ জানুয়ারি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক মো. খোরশেদ আলম (প্রশাসন) গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়।
তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদ ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
