২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফএডির সভায় প্রধানমন্ত্রী

জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) ৪১তম গভর্নিং কাউন্সিলের সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন তিনি।

রিয়াজুল বাশার

রোম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 03:35 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রোমে আইএফএডির সদর দপ্তরে পৌঁছলে তাকে স্বাগত জানান সংস্থাটির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো।

উদ্বোধনী অনুষ্ঠানে হংবোর স্বাগত বক্তেবের পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

আইএফআইডির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪১তম গভর্নিং কাউন্সিলের সভা বসেছে এবার। এবারের গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য হল ‘টেকসই গ্রামীণ অর্থনীতি গড়তে বিনিয়োগ’।

আইএফএডির গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ ও ভ্যাটিকান সফরে রোববার ইতালি পৌঁছান শেখ হাসিনা। গিলবার্ট এফ হংবো ও পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে চার দিনের এই সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

তার এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে বলেন, “আইএফএডির সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সদস্য রাষ্ট্রগুলোকে সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার মূল প্রবন্ধে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও সাফল্য, গ্রামীণ যুব শক্তির উন্নয়নে সরকারের গৃহীত নানা পদক্ষেপ, দারিদ্র ও প্রান্তিক জন গোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব এবং পল্লী জনগনের ক্ষমতায়নে স্থানীয় সরকারের ভূমিকার বিষয়েও আলোকপাত করবেন।

১৯৭৭ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত আর্থিক সংস্থা হিসেবে আইএফএডি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি মূলত কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে উন্নয়নশীল দেশগুলোতে কাজ করে।

মাহমুদ আলী জানান, প্রতিষ্ঠার পর আইএফএডির প্রথম প্রকল্পটি ছিল বাংলাদেশে, যা ১৯৭৮ সালে নেওয়া হয়। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে প্রায় ৭৮২ মিলিয়ন ডলারের অনুদান এবং সহজ শর্তে ঋণ দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইএফএডির প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর আইএফআইডির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ঋণ চুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আইএফআইডি সম্মেলনে অংশ নিচ্ছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় রোমে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ১৬ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।