কথা শুনছি সবার, ফলে বিদ্রোহ আর হবে না: বিজিবি ডিজি
রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী খোলনলচে বদলে দিয়ে এখন সবার মতামত শোনা হচ্ছে জানিয়ে বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সেই ধরনের পরিস্থিতি আর ঘটবে না বলে আশাবাদী তিনি।
রোববার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলার পাশাপাশি তিনি বাহিনীর কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।
মেজর জেনারেল আবুল হোসেন বলেন, মানুষ তার ভাব প্রকাশ করার সুযোগ পেলে বিদ্রোহ হয় না।
“এখন আমরা ব্যক্তিগত সমস্যাও শুনি। বিজিবি মহাপরিচালক এখন প্রতিটি সৈনিকের সাথে কথা বলতে পারে। সে সুযোগ এখন আছে।”
২০০৯ সালে পিলখানায় জওয়ানদের বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়েছিলেন। ডাল-ভাত কর্মসূচি নিয়ে অসন্তোষ থেকে সেই বিদ্রোহের সূত্রপাত ঘটে বলে তদন্তে বেরিয়ে আসে।
রক্তাক্ত ওই বিদ্রোহের পর খোলনলচে বদলে দেওয়া হয় তৎকালীন বিডিআরকে। নতুন নাম হয় বিজিবি, পোশাকেও আনা হয় পরিবর্তন।
বিদ্রোহে দণ্ডিত কারও শাস্তিভোগ শেষ হলেও তার বাহিনীতে ফেরার আর কোনো সুযোগ নেই বলে জানান মেজর জেনারে আবুল হোসেন।
“তাদের বিজিবিতে আসার সুযোগ নেই। তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে আছে।”
মাদক পাচারে জড়িতদের ‘ছাড় নেই’
সীমান্তে চোরাচালান কিংবা মাদক পাচারে বিজিবির কেউ জড়িত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মেজর জেনারেল আবুল হোসেন।
তিনি বলেছেন, “কোনো বিজিবি সদস্য জড়িত থাকলে আর প্রমাণ পেলে তার ব্যাপারে কোনো ছাড় নেই।”
কোনো সদস্য যেন জড়িত হয়ে না পড়েন, সেজন্য বাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
“এসব এলাকা চিহ্নিত করে সেখানকার কোনো ব্যাটালিয়নকে ৩ থেকে ৪ বছরের বেশি রাখা হয় না। একজন জড়িত হতে সময় লাগে, সেই সময়টা যাতে কেউ না পায় সে জন্য এই ব্যবস্থা।”
ইয়াবা নিয়ন্ত্রণের উপর জোর দিয়ে তিনি বলেন, “এটা শুধু বিজিবির একার কাজ নয়। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।”
ভারত ও মিয়ানমারের সঙ্গে এখন সীমান্ত নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান বিজিবি প্রধান।
তিনি বলেন, “এখন সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ বিশ্বের প্রধান সমস্যা। আর সীমান্ত এলাকায় কমন শত্রু হচ্ছে চোলাচালানি, মাদক পাচারকারী, নারী পাচারকারী।
“আমরা দুই দেশকে (ভারত ও মিয়ানমার) বলেছি, এগুলোর বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা বুঝতে পেরেছে।”
মিয়ানমারের উসকানি সত্ত্বেও যুদ্ধ না বাঁধায় সরকার প্রধান শেখ হাসিনার দূরদর্শিতার প্রশংসা করেন মেজর জেনারেল আবুল হোসেন।
“অ্যাপাচি হেলিকপ্টার অবৈধভাবে ১৮ বার ঢুকেছে বাংলাদেশে, আমরা কোনো সাড়া দিইনি, সাড়া দিলে যুদ্ধ হত এবং সেখানে হাজার হাজার লোক মারা যেত এবং আমাদের উপর দোষ আসত। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় তা হয়নি। মিয়ানমারের উদ্দেশ্য ছিল যুদ্ধ করার। কিন্তু না করার কারণে আমরা বিশ্বে প্রশংসিত হয়েছি।”
সীমান্ত এলাকাকে আরও সুরক্ষিত করতে প্রাথমিকভাবে বিভিন্ন স্থানের ৫১১ কিলোমিটার এলাকাকে নজরদারির আওতায় আনা হচ্ছে বলে জানান বিজিবি প্রধান।
এসব এলাকায় সিসি ক্যামেরা, টাওয়ার, ফ্লাড লাইট, সেন্সর থাকছে বলেও জানান তিনি।
“এসবের অনেক কিছুই নিয়ন্ত্রণ হবে কেন্দ্রীয়ভাবে। ফলে কে কী করছে, তা ঢাকা থেকে বসে জানা যাবে।”
‘কুইক রিঅ্যাকশন ফোর্স’
বিজিবিকে যুগোপযোগী করার কথা জানিয়ে আবুল হোসেন বলেন, সরকার যে কোনো পরিস্থিতিতে ডাকলে তা সফলভাবে পালন করতে প্রস্তুত রয়েছে এই বাহিনী।
এজন্য ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ নামে একটি আলাদা উইং খোলা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, “এরা (এই উইংয়ের সদস্যরা) বিশেষভাবে ট্রেইনিংপ্রাপ্ত হবে। কোনো জায়গায় সন্ত্রাসী তৎপরতা হলে জানার সাথে সাথে এগিয়ে যাবে।”
এছাড়া ‘মোবাইল বর্ডার সাভিলেন্স টিম’ গঠন করা হচ্ছে বলেও জানান আবুল হোসেন।
