২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুল স্মৃতির সংগ্রহশালাতেই ‘নষ্ট হচ্ছে’ তার চিত্রকর্ম

শিল্পাচার্য জয়নুল আবেদিন নিজের বাছাই করা ছবি নিয়ে ছেলেবেলার স্মৃতির শহর ময়মনসিংহে যে সংগ্রহশালা গড়ে গেছেন, তার হাল নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ জাতীয় জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান শিল্পী হাশেম খান।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 09:19 AM

Updated : 11 Oct 2022, 12:06 PM

তিনি বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্পীদের ছবি যেভাবে গ্যালারিগুলোতে সংরক্ষণ করা হচ্ছে, তাতে কোনো শিল্পকর্ম ‘বাঁচতে পারে না’।

১৯৭৫ সালে পহেলা বৈশাখের দিন যাত্রা শুরু করে ব্রহ্মপুত্র তীরের এই সংগ্রহশালা। তার এক বছরের মধ্যে চিরবিদায় নেন জয়নুল। এরপর পেরিয়ে গেছে চার দশক।

প্রতিষ্ঠার পর ২০০০ সাল পর্যন্ত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হত। এখন সরাসরি জাতীয় জাদুঘরের অধীনে পরিচালিত হয়।

এই সময়ের মধ্যে সংগ্রহশালায় কখনও চুরি হয়েছে, কখনও বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে মূল্যবান চিত্রকর্ম।

দায়িত্ব জাতীয় জাদুঘরের হাতে আসার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও একটি গ্যালারির দেয়ালের অবস্থা ভয়াবহ।

বহু পুরনো দোতলা ভবনের দ্বিতীয় তলায় একটি বারান্দা আর দুটি ঘর নিয়ে সাজানো হয়েছে তিনটি গ্যালারি। বারান্দায় রয়েছে জয়নুলের জীবনের নানা সময়ের আলোকচিত্র। আর দ্বিতীয় ও তৃতীয় গ্যালারিতে রয়েছে ৩১টি করে মোট ৬২টি চিত্রকর্ম।

 

তৃতীয় গ্যালারির এক পাশের প্রায় পুরোটা দেয়াল নোনা ধরা, স্যাঁতস্যাঁতে। তাপমাত্রা ও আর্দ্রতা ঠিকমত নিয়ন্ত্রণ না হওয়ায় তৈলচিত্রে ধরেছে ফাঙ্গাস। দুর্বল লাইটিংয়ের কারণে ছবি দেখার সমস্যা তো রয়েছেই।

জয়নুলের ছেলে ময়নুল আবেদিন আপাতত নিজের খরচে মেরামত করে দিয়ে ছবিগুলো বাঁচানোর জন্য জাতীয় জাদুঘরকে প্রস্তাব দিয়েছিলেন। তাতে সাড়া না মেলায় তিনিও হাতাশা প্রকাশ করেছেন।  

‘ছবিগুলো দেখে রাইখো’

বাবার চাকুরিসূত্রে জয়নুলের জন্ম বর্তমান কিশোরগঞ্জে হলেও তাদের পৈত্রিক নিবাস ছিল বর্তমান আনন্দমোহন কলেজের পাশের একটি গ্রামে। পরে ময়মনসিংহ শহরেই তারা থিতু হন। সেখান থেকেই ঘর পালিয়ে কিশোর জয়নুল কলকাতা গিয়েছিলেন আর্ট কলেজ দেখতে।

ক্ষুদে আঁকিয়ে জয়নুলের তীর্থ হয়ে উঠেছিল ব্রহ্মপুত্রের তীর। পরে জেলা বোর্ডের বৃত্তি নিয়ে স্বপ্নের সেই কলেজে পড়তে যান কলকাতায়।

যে বাড়িতে জয়নুলের সংগ্রহশালা গড়ে উঠেছে, সেখানে ছেলেবেলায় নিয়মিত যাতায়াত ছিল তার। এক সময় বাড়িটি অর্পিত সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের কর্তৃত্বে চলে যায়। জয়নুলের আগ্রহে সরকার পরে জয়নুলের স্বপ্নের সংগ্রহশালা গড়ে তুলতে বাড়িটি বরাদ্দ দেয়।

সংগ্রহশালাটি প্রতিষ্ঠার সময় থেকে জয়নুলের সঙ্গে ছিলেন তার খালাতো ভাইয়ের ছেলে মো. শওকত হোসেন সেলিম। তারুণ্যে এ সংগ্রহশালায় পা রাখা সেলিম পুরো কর্মজীবন পার করে দিয়েছেন সেখানে। কয়েক বছর আগে অবসরে গেলেও প্রায় প্রতিদিন একবার সংগ্রহশালা ঘুরে যান।

“জয়নুল আবেদিন সাহেব আমাকে এখানে রেখে যান।… উনি বলতেন, ‘আমি এখানে এসে ছবি আঁকব… মেয়েরা নদী থেকে পানি আনতে যাবে, সেই ছবি আঁকব… বরশি দিয়ে মাছ ধরব।’ সব সময় বলতেন, ‘আমার ছবিগুলো দেখে রাইখো, এগুলো যেন নষ্ট না হয়। এগুলো জাতীয় সম্পদ’।”

১৯৯২ সালে এ সংগ্রহশালা থেকে ১৭টি ছবি চুরি হয়ে যায়। পরে সাতটি উদ্ধার করা গেলেও বাকি ১০টির খোঁজ আজও মেলেনি।

সেলিম বলেন, এখন যে ৬২টি ছবি সংগ্রহশালায় রয়েছে, সেগুলোরও ক্ষতি হয়েছে পুরনো ভবনের কারণে। তখনও জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ দায়িত্ব নেয়নি; বর্ষকালে পানি পড়ত, হয়ে থাকত স্যাঁতসেঁতে। তখন ছবির অনেক ক্ষতি হয়েছে।

‘মহাপ্রকল্পের আশায়’

জয়নুলের ছেলে ময়নুল আবেদিন বলেন, দীর্ঘদিন ধরে এসব ছবির যে ক্ষতি হয়ে আসছে, তা কাটিয়ে ওঠার পদক্ষেপও খুব বেশি নেওয়া হয়নি।

“বাংলাদেশে সরকারিভাবে রেস্টোরেশন বলতে কিছুই নাই। রেস্টোরেশন বিভাগ আছে, তবে তারা রেস্টোরেশন করতে পারে কিনা সন্দেহ আছে। এই দিকটাতে তারা অনেক দুর্বল। ছবি নিয়ে রেস্টোরেশনের কাজই হয় না… যারা করে, তারাও সেভাবে প্রশিক্ষিত না।”

ময়নুল বলেন, সংগ্রহশালার ভবনটি ব্রিটিশ আমলের। জলছাদ নষ্ট হওয়ায় ড্যাম্প হত। এরপর দোতলা করে ছবিগুলো সেখানে নিয়ে সাজানো হয় দুটো গ্যালারিতে।

“বেশ কিছু দিন ভালো ছিল। এক সময় জাদুঘর থেকে ডি-মডিফায়ার এসি এগুলো দেওয়া হয়েছিল। এগুলো বেশিরভাগই অচল হয়ে গেছে মনে হয়। এগুলো ঠিক করা হয় না বছর খানেক যাবত।… কিছু না, এগুলো অল্প টাকার কাজ… এগুলো খুব অল্প টাকার কাজ।”

সাময়িকভাবে হলেও বর্তমান সমস্যার সমাধানে নিজে থেকেই জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে জয়নুলের ছেলে বলেন, “যদি কোনো অসুবিধা থাকে, আমি নিজে ভবনটা কিছুটা সংরক্ষণ করে দেব। ভবনটাকে সাময়িকভাবে ঠিক করতে খুব বেশি অর্থের প্রয়োজন নাই।”

কিন্তু সেটাও সম্ভব হয়নি; জাদুঘর কর্তৃপক্ষের সাড়া পাননি ময়নুল।

“এখন উনারা চিন্তা করছেন মহাপ্রকল্পের! ওই প্রকল্পের আশায় থাকলে কবে যে কি হবে আমি জানি না। অবিলম্বে এটা ঠিক না করলে ছবিগুলোর অবস্থা খুবই খারাপ হবে।”

চিত্রকর্মগুলোর কতটা ক্ষতি হয়েছে তার বিবরণ দিতে গিয়ে জয়নুলের ছেলে বলেন, “তৈলচিত্রগুলোতে দেখবেন, ভেতরে ফাঙ্গাস হয়ে গেছে। রেস্টোরেশনে ফাঙ্গাস রিমুভ করা যায়, তবে সময় লাগে। ফাঙ্গাস পড়ে যাওয়ায় কালো কালো হয়ে গেছে। প্রোপার রঙটা নাই। ওয়াটার কালারেও কিছু কিছু ক্ষতি হয়েছে, বেশি না। অয়েল ও বোর্ডের কাজে ক্ষতি হয়েছে বেশি।”

‘সময় খুব বেশি নেই’

শিল্পকর্মের রেস্টোরেশন নিয়ে ইউরোপ থেকে প্রশিক্ষণ নিয়ে আসা হাসানুর রহমান রিয়াজ বর্তমানে কাজ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগ্রহশালার দেয়ালের যে অবস্থা, কোনো মিউজিয়ামে এমন হওয়ার কথা না।

“এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে থাকলে দুই বা তিন বছরেই জয়নুলের সব চিত্রকর্ম শেষ হয়ে যাবে।”

সংগ্রহশালায় চিত্রকর্ম যেভাবে সংরক্ষণ করা হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এর উপকিপার মুকুল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর চিত্রকর্মগুলো ‘নন-রিফ্লেটিভ গ্লাস’ দিয়ে বাঁধানো হয়। ওই কাজটি করা হয় বেঙ্গল ফাউন্ডেশন থেকে লোক এনে। বাঁধাইয়ের কাজটি করা হয় ছয়টি স্তর রেখে, যাতে আর্দ্রতা ছবিতে পৌঁছাতে না পারে।

কিন্তু হাসানুর রহমান রিয়াজ বলছেন, দেয়াল যে মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ছবির ফ্রেমের পারটেক্স, কাপড় বা অন্যান্য উপকরণ নষ্ট হতে বেশি সময় লাগার কথা না।

“ভেতরে যে পোকা, সিলভার ফিশ বা মাগার বাসা বাঁধেনি- আপনি কি তা জানেন? আর এই ড্যামেজ যখন হচ্ছে আবেদিন স্যারের, তাও গুরুত্বপূর্ণ কিছু শিল্পকর্মের…।”

এই রেস্টোরেশন স্পেশালিস্ট বলেন, দেয়ালের ওইরকম অবস্থা থাকলে যত ব্যবস্থাই নেওয়া হোক না কেন, ছবির ক্ষতি হবেই।

“কারণ যেটায় ধরে আছি আমি, বডিটাই তো ড্যামেজড, সেই জায়গায় ড্যামেজ হবেই।”

একটি সংগ্রহশালায় চিত্রকর্ম সংরক্ষণে কতটা সতর্ক হতে হয়, তার উদাহরণ দিতে গিয়ে রিয়াজ বলেন, বিভিন্ন দেশে এ ধরনের গ্যালারিতে দৈনিক দর্শনার্থীর সংখ্যাও নিয়ন্ত্রণ করা হয়। কারণ মানুষের নিঃশ্বাস থেকেও চিত্রকর্মের ক্ষতি হতে পারে।

জয়নুল সংগ্রহশালার উপকিপার মুকুল দত্ত বলেন, “আমরা চেষ্টা করছি, জাদুঘর দায়িত্ব নেওয়ার পর ছবিগুলো অনেকাংশে ভালো আছে। যদিও আমরা হয়ত পুরোটা পারছি না। তবে আমাদের চেষ্টা আছে। আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করছি।”

এ সংগ্রহশালার আলোকসজ্জার ব্যবস্থা যে যথাযথ হয়নি, সে কথা স্বীকার করেন তিনি।

‘সেই খেয়াল তাদের কবে হবে?’

জয়নুল সংগ্রহশালার অবস্থা নিয়ে কথা বলতে গেলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী জয়নুলের শিল্পকর্মের বিষয়ে ‘দখল না থাকার’ কথা বলে এড়িয়ে যান। জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান হাশেম খানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

শিল্পী হাশেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিল্পীদের শিল্পকর্ম যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, প্রদর্শনীর ব্যবস্থা এবং মানুষের কাছে পৌঁছানোর  বিষয়ে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে।

“কামরুল হাসান, জয়নুল আবেদিন, রশিদ চৌধুরী, কিবরিয়ার পর আমাদের মতো অনেকের কাজই দেশের বাইরে চলে গেছে। দেশের সম্পদ এভাবে দেশ ছেড়ে চলে গেছে… এটা কেউই খেয়াল করেনি।”

তিনি বলেন, “ইদানিং জয়নুলের ছবি নিয়ে আধুনিক গ্যালারি করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। কিন্তু সেটিও এক ধরনের... কী বলব... তাদের কোনো ধারণাই নেই, একটি গ্যালারি কীভাবে করতে হয়।

“যাকে (দায়িত্ব) দেওয়া হয়েছিল, সে জয়নুলের ছবিগুলোর… এই শব্দটাই আমি বলতে চাই- বারোটা বাজিয়ে দিয়েছে। মনপুরা (১৯৭০ এর জলোচ্ছ্বাস নিয়ে জয়নুলের চিত্রকর্ম) এমন একটাভাবে প্রদর্শন করছে, যেটা নিয়ে শিল্পীরা ক্ষোভ প্রকাশ করেছে।”

হাশেম খান বলেন, এ দেশের শিল্পীরা যে হারে কাজ করছেন, যে মানের কাজ করছেন, সংগ্রহ বা সংরক্ষণ ব্যবস্থাপনা তার ধারেকাছেও পৌঁছায়নি।

“আমি জাতীয় জাদুঘরের সাথে জড়িত থাকার পরও ক্ষোভের সাথেই বলছি, দুঃখের সাথে বলছি, আবার লজ্জার সাথে বলছি- আমরা জয়নুলের সেই ছবিগুলোকে যথাযথভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে পারি নাই।”

ব্রহ্মপুত্র তীরের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা নিয়েও হাশেম খানের কণ্ঠে ঝরে একই হাতাশা। 

তিনি বলেন, ভবনটি অনেক পুরনো হওয়ায় আর্দ্রতা বেশি, সে কারণে ছবিগুলোর রক্ষণাবেক্ষণ ‘যথাযথভাবে হচ্ছে না’।

“আমি জানি না, কবে আমাদের দেশের শাসকরা সেই দিকে খেয়াল করবেন, আমাদের শিল্পকলাকে যথাযথভাবে বাঁচাতে পারবেন। এখন এটা জরুরি একটা বিষয় হয়ে গেছে।”