মেলায় হাতে হাতে বইয়ের চেয়ে স্মার্টফোন বেশি: জাফর ইকবাল
সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়েছে বইমেলা প্রাঙ্গণ, সেই ভিড়ের মধ্যে এসে আগন্তুকদের হাতে ‘বইয়ের চেয়ে স্মার্টফোন বেশি’ দেখে আক্ষেপ করলেন লেখক মুহম্মদ জাফর ইকবাল।
শুক্রবার বিকাল থেকেই বইমেলায় দর্শনার্থী ভিড় বাড়তে থাকে। সন্ধ্যায় মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশের বিভিন্ন স্টলের সামনে দেখা দেয় জটলা। স্টলের সামনের গলিগুলোও পূর্ণ হয়ে ওঠে।
একুশে বইমেলার শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মানুষের ঢল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
এমন সময় সন্ধ্যার ঠিক আগে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আসেন অধ্যাপক জাফর ইকবাল। মেলায় তার আসার খবর ছড়িয়ে পড়তেই সেদিকে ছোটেন ভক্তরা। সেই জটলা এসে থামে তাম্রলিপি প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে।
বইমেলায় লেখক জাফর ইকবালকে ঘিরে সেলফি ও ছবি তোলেন অনেকে
“তবে একটা জিনিস দেখলাম, মেলায় আগতদের হাতে বইয়ের চেয়ে স্মার্টফোন বেশি। স্মার্টফোন থাকা ভালো, কিন্তু এর সঙ্গে যদি বই থাকে তাহলে দেখতে আরও ভালো লাগে।”
ভিড় থেকে অটোগ্রাফ নেওয়ার সময় এক কিশোরী তাকে বলেন, “স্যার, কিছু মনে করবেন না একটা প্রশ্ন করি, আপনার কোন বই পড়ব?”
“যে বই তোমকে মানুষ হওয়ার শিক্ষা দেয় সেই বই পড়বে। এগুলোর মধ্যে যদি আমার বই থাকে তাহলে সেটা পড়বে।”
এসেছে মুহিতের রচনাসমগ্র
বইমেলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ১০ খণ্ডের রচনাসমগ্র এনেছে উৎস প্রকাশন। ভাষা, মুক্তিযুদ্ধ, ভ্রমণকাহিনী, স্মৃতি রোমন্থন, দেশ-সরকার নিয়ে মুহিতের ভাবনা সংকলিত হয়েছে এই বইয়ে।
সন্ধ্যায় উৎস প্রকাশনে আসেন অর্থমন্ত্রী মুহিত। ভক্তদের অটোগ্রাফ দেওয়ার ফাঁকে তিনি কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।
বইমেলায় ভিড় দেখে ‘সন্তুষ্ট’ মুহিত বলেন, “এত কিছুর পরেও মেলায় এত পাঠক আসছে, তার মানে প্রমাণিত হয়েছে দেশে এখন স্থিতিশীল অবস্থাই বিরাজ করছে। দেশের মানুষ যার যার কাজ নিয়ে এতই ব্যস্ত যে অপ্রয়োজনীয় বিষয়ে আর সময় নষ্ট করতে চায় না।”
মেলার পরিবেশ ও বইয়ের মান নিয়েও কথা বলেন আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “খোলামেলা পরিবেশে বড় পরিসরে এবার মেলা হচ্ছে, এবার মেলায় এসে বেশ ভালো লাগছে। ভালো ভালো বইপত্র আসছে, প্রকাশকরা মোটেও কার্পণ্য করছেন না। আশার কথা হল, আমাদের পড়ুয়া পাঠকের সংখ্যা বাড়ছে।”
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার নবম দিন পেরিয়ে গেলেও এখনও নতুন বই আসেনি বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মেলায় যেসব নতুন বই আসার কথা সেগুলোর ৫০ শতাংশই এখনও আসেনি।
এদিন বিভিন্ন স্টলে নতুন বই না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করলে প্রকাশকরা সেজন্য লেখকদের দায়ী করেন। লেখকরা পাণ্ডুলিপি দিতে দেরি করায় সেগুলো ছাপাখানায় পাঠাতেও দেরি হয়েছে বলে অভিযোগ তাদের।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, “পাণ্ডুলিপি পেতে দেরি হওয়ায় আমরা প্রতিবারই সেরা বইগুলো একটু দেরিতে ছাপি, এটা স্বীকার করছি। তাছাড়া প্রকাশকদেরও অর্থলগ্নির একটা বিষয় থাকে। একটু তো দেরি হবেই।”
স্টলে স্টলে বই দেখছেন ক্রেতারা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
অধিকাংশ লেখককে ‘মৌসুমী লেখক’ আখ্যায়িত করে তিনি বলেন, “সিজনাল লেখকের সংখ্যাই এখন বেশি। এমন অবস্থা চলতে থাকলে সামনের বইমেলাগুলোতে আমরা নতুন বই আনতে পারব না।”
বাংলা একাডেমির তথ্য মতে, মেলার নবম দিন পর্যন্ত নতুন বই এসেছে ১১৩৭টি।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মেলায় আরও অনেক ভালো বই আসবে বলে আশা প্রকাশ করেন মাজহারুল ইসলাম।
১৯টি প্রকাশনা প্রতিষ্ঠান এখনও মেলায় নতুন বই আনতে পারেনি। এগুলো হল- বোধি, নলেজ মিডিয়া, সাহিত্য বিলাস, রিদম, অ্যাগর, পালক, বাংলাদেশ রাইটার্স গিল্ড, কালো, সবুজ পাতা, ভ্যালেন্টিনো প্রকাশনী, নিখিল প্রকাশনী, একাত্তর প্রকাশনী, সাম্প্রতিক, মডার্ন প্রকাশনী, পলল, ব্রাদার্স পাবলিকেশন্স, কৃষ্ণচূড়া প্রকাশন, সদর প্রকাশনী ও কামরুল বুক হাউজ।
একুশে বইমেলার শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মানুষের ঢল। ছবি: আব্দুল্লাহ আল মমীন
কৃষ্ণচূড়া প্রকাশনের মালিক আজিজুন নাহার বলেন, “আমাদের নতুন বইগুলোর প্রুফ রিডিং শেষ হয়নি। আশা করছি, ১৫ তারিখের মধ্যে আরমা নতুন বই আনতে পারব। তাছাড়া আমাদের আগের স্বত্বাধিকারীর মৃত্যুর পর কিছুটা বিপর্যস্ত অবস্থাও গেছে।”
শুক্রবার মেলায় বই কিনতে আসা অবন্তী হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন বইয়ের খোঁজ করতে কেন আমাদের মেলার শেষভাগে আসতে হবে? লেখক, প্রকাশক কেউ আসলে পাঠকদের কথা ভাবেন না।”
হোসাইন মোহাম্মদ সাগর বলেন, “মেলার সেরা বইগুলো পেতে বেশ দেরি হয়ে যায়। তবে পাঠকের কথা মাথায় রেখে সেই বইগুলোর কিছু কিছু তো মেলার শুরুতেও আনতে পারেন প্রকাশকরা। প্রতিবারই এমন হয়। এটা হতাশার!”
মেলার নতুন বইগুলোর অধিকাংশই ‘নিম্নমানের’ বলে মন্তব্য করেন তিনি।
সাগর বলেন, “কাগজ, বাঁধাই, কাভার-এই তিনটি মৌলিক বিষয়েই আরও মনযোগী হওয়া উচিৎ ছিল প্রকাশকদের। পাঠক তো আগে এসব বিষয় দেখবেন, তারপর তো তারা কনটেন্ট দেখবেন। অনেক স্টলে নতুন বইগুলো হাতে নিয়ে খুব বিরক্ত হয়েছি।”
একুশে বইমেলায় শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান অংশের একটি স্টলে ক্রেতারা।ছবি: আব্দুল্লাহ আল মমীন
নতুন বই
বাংলা একাডেমির জনসংযোগ ও সমন্বয় উপবিভাগের তথ্য মতে, শুক্রবার ৩৪৪টি নতুন বই মেলায় এসেছে। এর মধ্যে গল্প- ৫৬টি, উপন্যাস ৬৭টি, প্রবন্ধ-১৯টি, কবিতা-৯৫টি, গবেষণা-৬টি, ছড়া -১৪টি, শিশুসাহিত্য-১৫টি, জীবনী-৬টি, রচনাবলী-২, মুক্তিযুদ্ধ- ৬, নাটক-৩টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ-৬টি, ইতিহাস-১২টি, চিকিৎসা/স্বাস্থ্য-৩টি,রম্য/ধাঁধা-১টি, ধর্মীয়-২টি, অনুবাদ-২টি, অভিধান-১টি, সায়েন্স ফিকশন-৫টি, অন্যান্য-২১টি।
বইমেলার নানা আয়োজন
শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ছিল মেলার তৃতীয় শিশুপ্রহর।
শুক্রবার বইমেলায় শিশুদের মনোরঞ্জনে সিসিমপুরের চরিত্ররা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘রশীদ উদ্দিন, উকিল মুন্সী ,বারী সিদ্দিকী’ শীর্ষক আলোচনা সভা। প্রবন্ধ উপস্থাপন করেন সুমন কুমার দাশ। আলোচনায় অংশগ্রহণ করেন কামালউদ্দিন কবির ও সাইমন জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরুল হক।
