২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্য প্যানেল নির্বাচনের দিনতারিখ জানতে চান জাবি শিক্ষকরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের সময়সূচি ঘোষণাসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 09:05 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত। সেশন জটের অভিশাপে শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ। প্রতিটি বিভাগে সেশন জট বেড়েই চলেছে। আবাসন সমস্যার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। বিশ্ববিদ্যালয় এখন মাদকের অভয়ারণ্য। জাকসু না থাকায় শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি হচ্ছে না।

“বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ৭৩ সমুন্নত রাখতে আমরা অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের সময়সূচি ঘোষণার দাবি করছি।”

শরীফ এনামুল কবির বলেন, গত ২৩ জানুয়ারি ৩৯ জন সিনেটর উপাচার্য প্যানেল নির্বাচনের সময়সূচি ঘোষণা, জাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি দাবি করলেও বর্তমান উপাচার্য ফারজানা ইসলাম তাদের সব দাবি উপেক্ষা করে চলেছেন।

শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অগণতান্ত্রিক দাবি মেনে নেবে না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সিনেট সদস্য মনোয়ার হোসেন, মেহেদী জামিল, সোহেল পারভেজ প্রমুখ।