২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল কোড অনুযায়ী সব সুবিধা পাবেন খালেদা: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও একটি বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে খালেদা জিয়াকে কারাগারে জেল কোড অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 05:41 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

রায়ে দণ্ডিত হওয়ার পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

কারাগারে খালেদা কি ধরনের সুযোগ-সুবিধা পাবেন সে সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যা সুবিধা পাওয়ার কথা সবকিছুই পাবেন। সামাজিক অবস্থান বিবেচনা করে, তিনি প্রধানমন্ত্রী ছিলেন কয়েকবার, একটা বড় পার্টির চেয়ারপার্সন। সেখানে যা যা প্রয়োজন জেল কোড অনুযায়ী তাই পাবেন।”

এই রায়কে কেন্দ্র করে জনমনে শঙ্কার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমি কোনো আতঙ্ক দেখছি না। কোনো জায়গায় কোনো প্রতিবাদ নেই। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যে কাজ করার সেটা করবে।”

বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের হয়েছে দশ বছর করে কারাদণ্ড।

সেই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করেছেন বিচারক।

রায়ের প্রতিবাদে বিএনপি কোনো কর্মসূচি দিতে পারবে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করিনি, নির্বাচন কমিশনও করেনি। কাজেই যেকোনো দল যেকোনো কর্মসূচি ঘোষণা করতে পারে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেটাই লক্ষ্য করবে যে, তারা কোনো বিশৃঙ্খলা যদি সৃষ্টি করে- আমরা তাতে বাধা দেব।”