দাবি আদায়ে লাগাতার অবস্থানে আশিয়ানার শ্রমিকরা
বন্ধ কারখানা খুলে দেওয়া এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকার রামপুরার আশিয়ানা গার্মেন্টের একদল শ্রমিক।
মঙ্গলবার পুরানা পল্টনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি আদায়ে লাগাতার কর্মসূচিতে নেমেছেন আশিয়ানার শ্রমিকরা।
গত ৩১ জানুয়ারি এই শ্রমিক সংগঠনটির নেতৃত্বে আশিয়ানার শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে আলোচনার জন্য বিজিএমইএ ভবনে গিয়েছিলেন। সেখানে বিজিএমইএ ভবনের কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আলোচনা ভেস্তে যায়।
অবস্থান কর্মসূচি থেকে চাকরিচ্যুত সব শ্রমিককে পুনর্বহাল, মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার শ্রমিক নেতা রাসেল ও মুন্নার মুক্তির দাবি করা হয়। এছাড়া জানুয়ারি মাসের মজুরি পরিশোধ করার দাবিও জানান শ্রমিকরা।
