২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ জালিয়াতি ঠেকাতে দুদকের ১০ সুপারিশ

ব্যাংকের ঋণ জালিয়াতি রোধে ঋণ অবলোপন সংক্রান্ত ১০টি সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 11:06 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার দুদক সচিব মো. শামসুল আরেফিনের সই করা এক চিঠিতে মন্ত্রিপরিষদ সচিব বরাবর এই সুপারিশ পাঠানো হয় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

চিঠিতে দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান দলের করা সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়। চিঠির অনুলিপি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কেও দেওয়া হয়।

প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের গত ১৫ বছরের অবলোপন করা ঋণের তালিকা ও প্রক্রিয়া পর্যালোচনা করে দুদকের অনুসন্ধান দল এই ১০টি সুপারিশ করে।

দুদকের মানিলন্ডারিং বিভাগ থেকে তৈরি করা সুপারিশগুলো হলো- ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) সার্কুলার ০২/২০০৩ এর নির্দেশ মতে অবলোপন ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের সব পরিচালককে খেলাপি হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

মামলা ছাড়া কোনো ঋণ অবলোপন না করা, ঋণ অবলোপনের আগে অবশ্যই কারণ সুনির্দিষ্ট করণ, ব্যবসায়ী ঋণের ফান্ড অন্যত্র হস্তান্তর করেছেন কি-না তা খতিয়ে দেখা, ঋণ সুপারিশ থেকে অবলোপন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজমেন্টের কোনো ক্রুটি বা অনিয়ম আছে কি না, তা উল্লেখ করা।

প্রচলিত আইনে ঋণ আদায়ের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ, ঋণ অবলোপনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডের অনুমোদনের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বিধান প্রবর্তন করা, ঋণ অবলোপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের আগের বছর পর্যন্ত লভ্যাংশ থেকে ১০০ শতাংশ প্রভিশন রাখার নিয়ম থাকলেও কোনো কোনো ব্যাংক চলতি বছরের লভ্যাংশ থেকে প্রোভিশন করে থাকে, তা বন্ধ করা।

প্রচলিত নিয়মে অনেক ক্ষেত্রে মামলা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ঋণ অবলোপন করা যায় উল্লেখ করে সুপারিশে বলা হয়, এমন অবস্থায় মামলা ছাড়া কোনো ঋণ যেন অবলোপন করা না যায় সেই বিধান প্রণয়ন করা।