২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলিশ’ নয়, এফএম বেতার মালিকদের তথ্যমন্ত্রী

ভাষাবিকৃতি পরিহার করে দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ব্রতী হতে এফএম বেতারের মালিকদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 10:25 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এফএম বেতার মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সভাপতির বক্তৃতায় মন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রীকে উদ্ধৃত করে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মন্ত্রী বলেন, বাঙালিয়ানা চর্চা করুন, জগাখিচুড়ি ভাষা বা বাংলিশ বর্জন করুন, দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ভূমিকা রাখুন।

“বাংলার সাথে বিদেশি ভাষার মিশ্রণ ও বিকৃতি যাতে গণমাধ্যমে পরিবেশিত না হয় সে বিষয়ে আদালতের নির্দেশ পূর্ণভাবে পালিত হতে হবে।”

এফএম রেডিওতে দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের আহ্বান জানিয়ে ইনু বলেন, “সংবিধানের চার মূলনীতি, জাতির পিতার স্বাধীনতার ঘোষণা, ত্রিশ লাখ শহীদ এবং একাত্তরের গণহত্যার মত মীমাংসিত বিষয়কে বিতর্কিত করবেন না।

“শেখ হাসিনার নেতৃত্বে দেশের বুক থেকে ইতিহাসের জঞ্জাল পরিস্কার করে গণতন্ত্রে উত্তরণের পথে গণমাধ্যম দেশের সাথে থাকবে। মনে রাখতে হবে মুক্তিযোদ্ধা ও রাজাকারকে এবং শান্তিরক্ষাকারী ও অশান্তি সৃষ্টিকারীকে এক পাল্লায় মাপা যায় না।”

তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, এশিয়ান রেডিও’র চেয়ারম্যান হারুনুর রশীদ, ধানসিঁড়ি কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সারসহ সম্প্রচাররত ২১টি এফএম বেতারের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এফএম বেতারের প্রতিনিধিরা কিছু দাবি-দাওয়া তুলে ধরলে মন্ত্রী সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সমাধানের আশ্বাস দেন।

যুবলীগ প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন

একুশে গ্রন্থমেলায় আওয়ামী যুবলীগ প্রকাশিত ‘জিয়া পরিবারের দুর্নীতি: কিছু খণ্ড চিত্র’ নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে ইনু বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে রাজাকার-যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছেন।

“আর বেগম জিয়া ও তার পুত্ররা জঙ্গি, জামায়াত, রাজাকারদের সঙ্গে নিয়ে দুর্নীতি ও বিদেশে অর্থপাচার করেছেন। এখনও তারা দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তাই তাদের মুখোশ উন্মোচনের কোনো বিকল্প নেই। এ গ্রন্থটি সেক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।” 

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদসহ দলীয় নেতাকর্মীরা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।