কর্মসূচি নেই, তবে ‘সজাগ’ থাকবে ক্ষমতাসীনরা
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের দিন কোনো কর্মসূচি না রাখলেও ‘সতর্ক’ থাকার কথা বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা; অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, ‘সাজানো বিচারের’ প্রতিবাদ জানাবেন তারা।
এসএসসি পরীক্ষার মধ্যে বিএনপি চেয়ারপারসনের এই রায় ঘিরে দুই প্রধান দলের নেতাদের কথার উত্তেজনায় মানুষের মনে যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে, তা ফুটে উঠেছে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারের বক্তব্যে।
তিনি সোমবার সাংবাদিকদের বলেন, “আদালত একটা রায় ঘোষণা করবেন এবং তা নিয়ে এক ধরনের উৎকণ্ঠা মানুষের মনে কাজ করছে।”
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের ঘটনা নতুন বলে মনে করছেন না তিনি। তবে জনগণের জানমালের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য সরকারকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে বলেছেন, রায় ঘিরে যেন কোনো নৈরাজ্যকর পরিস্থিতি কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা সতর্ক আছেন।
বন্দরনগরীতে রাষ্ট্রায়ত্ত তিনটি তেলস্থাপনার নিরাপত্তার জন্য একটি সড়কে দুদিন যাত্রীবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় দেবে ঢাকার জজ আদালত।
আদালত থেকে ফেরার পথে খালেদা জিয়া গাড়ি ঘিরে বিএনপি নেতাকর্মীরা; এই চিত্র প্রতিদিনের (ফাইল ছবি)
বিএনপির দাবি, ‘সাজানো মামলায়’ তাদের নেত্রীকে শাস্তি দেওয়ার আয়োজন চলছে; অন্যদিকে ক্ষমতাসীনরা বলছে, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
রায়ের দিন ঠিক হওয়ার পর দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গত সপ্তাহে হঠাৎ আদালত ফেরত খালেদার বহর থেকে পুলিশের উপর হামলা হলে উত্তেজনা বাড়তে থাকে।
ক্ষমতাসীন দলের নেতারা শুরু থেকে বিএনপিকে হুঁশিয়ার করে আসছিলেন, রাজপথে থাকবেন তারা, নাশকতার যে কোনো চেষ্টা রুখে দেবেন।
গত শনিবার চট্টগ্রামে এক সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রায়ের দিন নেতা-কর্মীদের রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এসেছিলেন।
কিন্তু একদিন পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসনের রায়ের দিন তাদের কোনো কর্মসূচি থাকছে না।
তার যুক্তি, কর্মসূচি দিয়ে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা বাড়াতে চান না তারা।
তারপর সোমবার ক্ষমতাসীন ১৪ দলের বৈঠকের পর জোটের সমন্বয়ক নাসিম সাংবাদিকদের জানান, কোনো কর্মসূচি নিয়ে রাজপথে থাকবেন না তারা।
“তবে চৌদ্দ দল সতর্ক অবস্থানে থাকবে। কোনো অশুভ মহল যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে,” বলেন তিনি।
১৪ দলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মোহাম্মদ নাসিমসহ নেতারা
এর পেছনে কারণ দেখিয়ে নাসিম বলেন, “হাই কোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপিকর্মীরা হামলা করে ৮ তারিখে রায়ের আগে মহড়া দিয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছে তারা।”
সাংবিধানিক ধারা ব্যাহত করতে বিএনপি ‘উঠেপড়ে লেগেছে’ দাবি করে তিনি বলেন, “সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে ১৪ দল এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে।”
কেন্দ্রীয়ভাবে কর্মসূচি না রাখার কথা বলা হলেও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ৮ ফেব্রুয়ারি রাজপথে থাকার প্রস্তুতিই নিচ্ছেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, তারা বন্দরনগরীর ১৫-১৬টি স্থানে সেদিন অবস্থান নেবেন।
‘বিএনপি-জামায়াত যাতে কোনো ধরনের অরাজকতা করতে না পারে’, সেজন্য এই অবস্থান নেবেন বলে জানান তিনি।
কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন
রাজধানীতেও কাউন্সিলররা নিজ নিজ এলাকায় অবস্থান নেবেন বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন। এই কাউন্সিলরদের প্রায় সবাই আওয়ামী লীগের।
সোমবার নগর ভবনে ‘নাগরিক নিরাপত্তায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, “রায়ের দিন যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতেই মহল্লায় থাকবেন কাউন্সিলররা। এলাকার মুরুব্বি ও যুবকদের সঙ্গে নিয়ে কাউন্সিলররা নিজ নিজ এলাকার পাড়া-মহল্লাতে অবস্থান করবেন।”
এই অবস্থান নেওয়ার পক্ষে তার যুক্তি, “কোনো ধরনের শোডাউনে আমরা আগ্রহী নই। কিন্তু নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”
এদিকে বিএনপি নেতারা আগে থেকে বলে আসছেন, ‘যেনতেনভাবে মিথ্যা মামলায়’ তাদের নেত্রীকে সাজা দিলে তারা চুপ করে বসে থাকবেন না।
দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে সভাপতিত্বে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
এই পরিস্থিতিতে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার দুই পক্ষকেই শান্ত থেকে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানিয়ে বলেন, “আমরা সবাইকে আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানাব। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা চাই না, জনগণও চায় না।”
