‘প্রবন্ধ-সাহিত্যে এখনো ঘাটতি রয়ে গেছে’
রাজনীতি-অর্থনীতি-সমাজবিজ্ঞান বা ইতিহাস গবেষকরা সমাজ ও রাষ্ট্রের তাত্ত্বিক দিকগুলো সাহিত্যে তুলে আনতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন ভাষা সংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
গ্রন্থমেলার পঞ্চম দিনে মেলা প্রাঙ্গনে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে আহমদ রফিক বলেন, “রাজনীতি-অর্থনীতি-সমাজবিজ্ঞান বা ইতিহাস বিষয়ে আমাদের অনেক অধ্যাপক, গবেষক রয়েছেন। কিন্তু সাহিত্যে তারা রাষ্ট্রীয় প্রয়োজন যেমন তুলে ধরতে পারেননি, তেমনিভাবে সমাজ ও রাষ্ট্রের তাত্ত্বিক দিকগুলো তুলে আনতে ব্যর্থ হয়েছেন। সাহিত্যে তাত্ত্বিক গবেষণার এই দিকটি নিয়ে আমরা পশ্চিমবঙ্গ থেকে এখনও পিছিয়ে রয়েছি।”
অন্যদিকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, প্রবন্ধ সাহিত্যে বাংলা ভাষাকে উপেক্ষা করে চলেছেন প্রাবন্ধিকরা। আহমদ রফিকের মতো তিনিও মনে করেন, বাংলা প্রবন্ধে সমাজ সচেতনতার দিকটি পরিপূর্ণভাবে উঠে আসেনি।
তিনি বলেন, “বাংলা সাহিত্যে গবেষণা, প্রবন্ধ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু বাংলা সাহিত্যের গবেষণা কতটুকু হয়েছে? তবে গবেষণা সাহিত্যের মানের কথা যদি বলি, তবে তা কিন্তু এখনো উন্নত হয়নি।
“গবেষকরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের গবেষণা-সাহিত্য পৌঁছে দিতে ইংরেজি ভাষায় প্রবন্ধ রচনা করছেন। ইংল্যান্ডের প্রাবন্ধিকরা কিন্তু নিজেদের ভাষাতেই লিখছেন। তাদের পাঠকরাও উপকৃত হচ্ছেন। কিন্তু বাংলাদেশের প্রাবন্ধিকরা এখন বিশ্ব বাজারের কথা মাথায় রেখে ইংরেজি ভাষায় লিখছেন। প্রকৃত অর্থে পাঠক কতটা উপকৃত হচ্ছেন, এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।”
অন্যদিকে লেখক-প্রাবন্ধিক শান্তা মারিয়া মনে করেন, বাংলা প্রবন্ধে প্রাবন্ধিকদের নিজস্ব চেতনা-দর্শন কম প্রতিফলিত হচ্ছে,মৌলিক চিন্তারও সঙ্কট রয়েছে অধিকাংশ প্রবন্ধে। বৈচিত্র্যের খোঁজে আসা পাঠক মৌলিকত্ব না পেয়ে প্রবন্ধ সাহিত্যকে এখনো গ্রহণ করতে পারছেন না বলে মন্তব্য তার।
আরেক প্রবীণ প্রাবন্ধিক যতীন সরকার বলেন, “প্রবন্ধের পাঠককে আমরা মানসম্মত পাঠক বলতে পারি। আমি এখানে ঔপন্যাসিক সন্তোষ কুমার ঘোষকে উদ্ধৃত করতে পারি। তিনি বলেছেন, একটি ব্যর্থ উপন্যাস পড়ে কেবল সময়ের অপচয় হয়। কিন্তু একটি ব্যর্থ প্রবন্ধ পড়েও পাঠক কিন্তু উপকৃত হয়, সেখানে কোনো না কোনো তথ্য পেয়ে যায়। তাই বলব, প্রবন্ধ সাহিত্যকে কখনও ফেলে দেওয়া যায় না। প্রবন্ধ লেখকও কিন্তু আলাদাভাবে সমীহ আদায় করে নেন।”
অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন নাথ বলেন, “মেলায় প্রবন্ধের পাঠকশ্রেণি একেবারে আলাদা। সংখ্যায় একেবারে কম হলেও এই পাঠকশ্রেণি মেলায় এসে গবেষণামূলক প্রবন্ধের খোঁজ করেন। তারা সেরা প্রবন্ধটি খুঁজে বের করে নেন। তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরাও প্রথিতযশা পাঠকদের প্রবন্ধ এবার মেলায় নিয়ে এসেছি।”
রাজনীতি, ইতিহাস, সভ্যতার গবেষণামূলক প্রবন্ধ মধ্যবয়সী পাঠকেরই বেশি পছন্দের বলে জানান নালন্দার প্রকাশক রেদোয়ান জুয়েল। গবেষক, প্রাবন্ধিকদের নতুন আঙ্গিকে উপস্থাপনের দিকেও নজর রয়েছে প্রকাশকদের।
মেলায় আসা প্রবন্ধের বই
পা রাখি কোথায়: সিরাজুল ইসলাম চৌধুরী
প্রবন্ধ সংকলন ‘পা রাখি কোথায়’ প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে। পুঁজিবাদী অর্থনীতি ও শাসন ব্যবস্থা, ধনী-দরিদ্রের বৈপরীত্য, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে পুঁজিবাদী শাসনব্যবস্থার বলয় ভেঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের ডাক এসেছে এই প্রবন্ধে।
যতীন সরকার রচনাসমগ্র-৬
সংস্কৃতি, সমাজ, ইতিহাস, রাজনীতি, দর্শন ও ধর্মের বিস্তৃত জগতে অবাধ বিচরণ প্রাবন্ধিক যতীন সরকারের। গত পাঁচ দশকে তার রচনা সমাজ-রাজনীতির গুরুত্বপূর্ণ ভাষ্যে পরিণত হয়েছে। চিন্তার স্পষ্টতায়, বিশ্লেষণের তীক্ষ্ণতায়, বক্তব্যের ঋজুতায় ও জীবন দর্শনের বলিষ্ঠতায় তার প্রবন্ধ হয়ে উঠেছে বাংলা কথাসাহিত্যের অমূল্য সম্পদ। যতীন সরকারের অপ্রকাশিত প্রবন্ধগুলো নিয়েই সংকলিত হয়েছে ‘যতীন সরকার রচনাসমগ্র-৬’। অনুপম প্রকাশনী থেকে আসা এই প্রবন্ধটির দাম ৮০০ টাকা।
পরিভাষা অভিধান : সুব্রত বড়ুয়া
ভাষা চর্চার জন্য পরিভাষা চয়ন ও সংকলনের কাজটিও ভীষণ গুরুত্বপূর্ণ। কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়ার বাংলা ভাষা চর্চা ও গবেষণার নানা দিক ‘পরিভাষা অভিধান’ শীর্ষক গবেষণামূলক প্রবন্ধে উঠে এসেছে। বইটির দাম ৪০০ টাকা।
উন্নতির পথে অগ্রসরমান বাংলাদেশের নানা উন্নয়ন প্রকল্প, উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ, মুক্তবাজার অর্থনীতির গতিপ্রকৃতির পাশাপাশি, বাংলাদেশের অর্থনীতির জটিল সমীকরণের হিসাব মিলাতে গিয়ে অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ রচনা করেছেন ‘ক্রিটিক্যাল ইস্যুজ ইন ডেভেলপমেন্ট ইকোনমিস’। আলোঘর প্রকাশনী থেকে আসা বইটির দাম ৮৫০ টাকা।
মমিপিডিয়া :ভবেশ রায়
প্রচলিত বদ্ধমূল ধারণা ছিল মমি মানেই শুধু মিশর নামক একটি দেশের প্রাচীন মানুষের সংস্কার ও পারলৌকিক কর্মকাণ্ড। তার সঙ্গে জড়িয়ে আছে পিরামিডও। কিন্তু নিছকই ব্যাপারটি তা নয়, বরং এর সঙ্গে মিশে আছে অতীত থেকে বর্তমান অবধি রোমাঞ্চকর কৃষ্টি, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ভবেশ রায়ের গবেষণাগ্রন্থ ‘মমিপিডিয়া’ দেখিয়ে দিয়েছে শুধু প্রাচীন মিসর নয়, সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে মমি সংস্কৃতি। মিশরেরও বহু আগে মমি তৈরির প্রচলন ছিল বিশ্বের নানা দেশে। অনুপম প্রকাশনী থেকে আসা ‘মমিপিডিয়ার’ দাম রাখা হচ্ছে ৩৭০ টাকা।
রূপান্তরের অর্থনীতি : মামুন রশীদ
মামুন রশীদের ‘রূপান্তরের অর্থনীতি’ বইটিতে বাংলাদেশের রূপান্তরের দিকগুলো উন্মোচিত হয়েছে। ২৫টি নিবন্ধে লেখক আর্থিক ও সামাজিক উন্নয়নের বহুমাত্রিক দিকগুলো তুলে ধরেছেন। ব্যাংক, পুঁজিবাজার, সরকারি অর্থ ব্যবস্থাপনাসহ নানা বিষয় যুক্ত হয়েছে এই গ্রন্থে। বইটির দাম ২৫০ টাকা, প্রকাশ করেছে আলোঘর প্রকাশনী।
বিশ্বসাহিত্যের কথা: মোজাফ্ফর হোসেন
লেখকের চিন্তার গভীরতায় জটিল, সূক্ষ্ম ও বিচিত্র অভিজ্ঞতা নানা বিন্যাসে চিত্রিত হয়েছে মোজাফ্ফর হোসেনের ‘বিশ্বসাহিত্যের কথা’ শীর্ষক সাহিত্য সমালোচনা গ্রন্থে। দেশ-বিদেশের লেখকদের নিয়ে চমকপ্রদ নানা তথ্য রয়েছে এই সংকলনটিতে। বইটি এনেছে বেঙ্গল ফাউন্ডেশন।
জীবন তরীর যাত্রী: মোহাম্মদ সিদ্দিকুর রহমান
কয়েকটি দশকের বিকাশ পর্বে বাঙালির রাজনৈতিক, সামাজিক উত্থান বিশ্বস্ততার সঙ্গে প্রতিফলিত হয়েছে মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ‘জীবন তরীর যাত্রী’ প্রবন্ধ গ্রন্থে। এই বইটিও এনেছে বেঙ্গল ফাউন্ডেশন।
রবীন্দ্রনাথ ও বিশ্বসাহিত্য: প্রতাপ নারায়ণ বিশ্বাস
বিশ্বসাহিত্যের কয়েকটি জনপ্রিয় ফসলকে আত্মসাৎ করে রবীন্দ্রনাথ ঠিক কিভাবে তার সৃষ্টির মাধ্যমে সঞ্চারিত করে দিয়েছিলেন সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে প্রতাপ নারায়ণ বিশ্বাসের ‘রবীন্দ্রনাথ ও বিশ্বসাহিত্য’ শীর্ষক প্রবন্ধে। ছোট গল্প, উপন্যাস ও নাটকের প্রেরণা বা উৎস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নানা তথ্যও সংকলিত হয়েছে এই প্রবন্ধ গ্রন্থে। এটি বইমেলায় এনেছে নালন্দা প্রকাশনী।
চিরস্থায়ী বন্দোবস্ত-পূর্ব্ব শ্রীহট্টের ভূমি ও রাজস্ব ব্যবস্থা : কমলকান্ত গুপ্ত চৌধুরী
উৎস প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে চিরস্থায়ী বন্দোবস্তে সময়ে শ্রীহট্টের হিন্দু রাজাদের রাজস্ব আদায় ব্যবস্থা, সামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা রয়েছে। উঠে এসেছে প্রত্নতাত্ত্বিক নানা আলোচনাও।
বাঙলাদেশে শিক্ষা সংস্কৃতি: বদরুদ্দীন উমর
বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত শিক্ষা ও সংস্কৃতির নানা সঙ্কট নিয়ে নানা প্রবন্ধ লিখেছেন বদরুদ্দীন উমর। সাহিত্য প্রকাশ সেসব প্রবন্ধ সংকলন নিয়ে প্রকাশ করেছে ‘বাঙলাদেশে শিক্ষা সংস্কৃতি’ বইটি।
এছাড়াও এবার বইমেলায় আসা প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে সৈয়দ বদরুল আহসানের ‘হিস্ট্রি মেকারসিন আওয়ার টাইমস’ এনেছে শ্রাবণ প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে এসেছে আবুল কাশেম ফজলুল হকের ‘সাহিত্য চিন্তা’, বাংলাপ্রকাশ এনেছে হাসান আজিজুল হকের ‘লেখকের উপনিবেশ’ প্রবন্ধগুলো।
