পঞ্চম বর্ষপূর্তিতে নানা আয়োজন গণজাগরণ মঞ্চের
একাত্তরের যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে উঠা গণজাগরণ আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শাহবাগে প্রজন্ম চত্বরে ওই দিন দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রঙ তুলিতে স্বপ্নের বাংলাদেশ’ এর পর প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হবে।
এরপর ‘মত প্রকাশে বাধা, সাম্প্রতিক কালা কানুন; কোন পথে বাংলাদেশ?’ শিরোনামে আলোচনা সভা হবে। সন্ধ্যায় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রোববার এক বিবৃতিতে বলেন, “২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদের দীপ্ত মশাল হাতে নিয়ে পঞ্চম বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে গণজাগরণ মঞ্চের আন্দোলন।
“শাহবাগের জনসমুদ্র থেকে এই আন্দোলন আজ ছড়িয়ে গেছে বিশ্বময়। গণজাগরণ মঞ্চের আন্দোলন সেই ইতিহাসেরই গর্বিত উত্তরাধিকার, যে ইতিহাস হাজার বছরের বাঙালির হার না মানার দৃঢ় সংগ্রামের চিরন্তন ইতিহাস, যে ইতিহাস মহাকাব্যিক মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস।”
মঞ্চের আন্দোলন নিয়ে ইমরান বলেন, “কাদের মোল্লা থেকে শুরু করে কুখ্যাত যুদ্ধাপরাধীদের ঔদ্ধত্যের জবাব দিয়েছে শাহবাগ, মুক্তিকামী বাঙালির হাতে তুলে দিয়েছে বিজয়ের স্মারক। গণমানুষের ঐক্যের শক্তি নিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের পথে দৃপ্ত শপথে এগিয়ে চলছে মঞ্চ।”
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় না হওয়ার পর একদল তরুণের প্রতিবাদী অবস্থান থেকে জন্ম নেয় লাখো মানুষের গণজাগরণ আন্দোলনের।
ওই আন্দোলনের মুখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে রায়ের বিরুদ্ধে আসামির মতো প্রসিকিউশনেরও আপিলের সমান সুযোগ তৈরি করা হয়।
এরপর নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে থাকে গণজাগরণ মঞ্চের কর্মসূচি। এক সময় ক্ষমতাসীনদের সমর্থন থাকলেও পরে তারা সরে যায় এই মঞ্চের পেছন থেকে।
অন্যদিকে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি চাওয়ার পাশাপাশি নানা বিষয়ে অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকে গণজাগরণ মঞ্চ।
পাঠ্যপুস্তক ‘সাম্প্রদায়িকীকরণের’ সমালোচনা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “আমরা বর্তমানে এমন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে, যখন মুক্তিযুদ্ধের অন্যতম স্তম্ভ অসাম্প্রদায়িকতার মূলে বারবার আঘাত করে যাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি।
“পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণের মাধ্যমে কলুষিত করা হচ্ছে শিক্ষাঙ্গন, অত্যন্ত সচেতনভাবে শিক্ষার্থীদের মনে মৌলবাদের বিষবাষ্প প্রবেশ করিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন এবং সরকারের প্রত্যেক স্তরে স্তরে সাম্প্রদায়িকতা বিস্তারের নীলনকশা বাস্তবায়িত হচ্ছে।”
শিক্ষাঙ্গন থেকে শুরু করে ‘রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে পাকিস্তানিকীকরণের’ বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইমরান।
রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে প্রগতিশীল ও মুক্তিকামী মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, “অব্যাহত আন্দোলনের মুখে ৫৭ ধারা থেকে পিছু হটে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এমন এক কালাকানুন প্রণয়নের উদ্যোগ নিয়েছে যা মুক্তমতকে যেমন গলা টিপে ধরবে, পঙ্গু করে দেবে মুক্ত সাংবাদিকতাকে।”
