‘দেশের তরুণ প্রজন্ম আগের চেয়ে বেশি মেধাবী’
বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন কম্পিউটার বিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ।
শুক্রবার চট্টগ্রামের ইস্টডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দুই দিনব্যাপী ইঞ্জিনিয়ারিং ডে উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, “প্রতি বছর বিদেশ থেকে আমদানি করা সফটওয়ারের পেছনে ৫০০ কোটি টাকা ব্যয় করছি আমরা। অথচ দেশে তৈরি নিত্য নতুন সফটওয়ার ও সংশ্লিষ্ট লোকবল কাজে লাগিয়ে সহজে এই অর্থ সাশ্রয় করা যেত।”
বিজ্ঞানী কায়কোবাদ বলেন, “তথ্যপ্রযুক্তি কিংবা আইসিটি সেক্টরে সামনে সুদিন আসছে।প্রোগ্রামিং কনটেস্টে ভারতের চেয়ে বহুদূর এগিয়ে বাংলাদেশের ছেলে মেয়েরা। এগিয়ে যাওয়া তরুণ প্রজন্ম মেধায় এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।
ইডিইউর অ্যাসোসিয়েট ডিন ও স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার সামস উদ দোহা, উৎসবের আহ্বায়ক সহকারী অধ্যাপক এটিএম মাহমুদুর রহমান প্রমুখ।
ইডিইউ ছাড়াও চট্টগ্রামের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি দল মেধা যাচাইয়ের নানা পর্বে অংশ নিচ্ছে এ অনুষ্ঠানে।
