ভাষা সংগ্রামী রোকাইয়ার কুলখানি বৃহস্পতিবার
ভাষা সংগ্রামী চিকিৎসক অবসরপ্রাপ্ত কর্নেল রোকাইয়ার কুলখানি হবে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বারিধারার বাসায়।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দুই সপ্তাহ ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার সকালে ডা. রোকাইয়ার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোকাইয়া ছিলেন স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র নারী অফিসার। দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন তিনি।
ডা. রোকাইয়ার জন্ম ১৯৩৫ সালের ১৮ এপ্রিল। ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় তিনি ভাষা আন্দোলনে অংশ নেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশ ঢাকা মেডিকেল এলাকা থেকে যাদের গ্রেপ্তার করেছিল, তাদের মধ্যে তখনকার ১৭ বছরের তরুণী রোকাইয়াও ছিলেন।
প্রথম যে ক’জন নারী পাকিস্তান সেনাবাহিনীতে সিভিলিয়ান মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন, রোকাইয়া তাদের একজন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাকে কর্নেল হিসেবে পদোন্নতি দিয়ে ঢাকা সিএমএইচের গাইনি বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল মসজিদ এবং নৌবাহিনী মসজিদে জানাজা হয় রোকাইয়ার। পরে বাংলাদেশ সেনাবাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হয়।
