স্পিকারের ‘প্রটেকশন’ চান সাবেক প্রতিমন্ত্রী মোতাহার
‘হলুদ সাংবাদিকতার’ হাত থেকে বাঁচতে সংসদের স্পিকারের ‘প্রটেকশন’ চেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
মঙ্গলবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় সরকারি দলের এই সংসদ সদস্য বলেছেন, একটি সংবাদপত্র তার বিরুদ্ধে ‘মনগড়া সংবাদ প্রকাশ করে তার চরিত্র হনন করছে’।
এর পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এ বিষয়ে বিশেষ অধিকার কমিটিতে নোটিস দেওয়া হলে তা বিবেচনা করা হবে।
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে কথা বলতে গিয়ে মোতাহার হোসেন বক্তব্যের এক পর্যায়ে ‘বাংলাদেশ প্রতিদিন’র নাম উল্লেখ করেন।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, তিনি ভারতে চলে যাবেন বলে খবর ছাপিয়েছে, গুলশানে তার নামে মোতাহার হোসেন টাওয়ারের কথা বলছে, আগামী নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে তিনি সঙ্কটে আছেন বলেও ছাপা হয়েছে।
এসব কথা ভিত্তিহীন দাবি করে মোতাহার বলেন, “‘আমার স্ত্রীও এখন প্রশ্ন তুলছে। সে বলছে, ‘একাত্তর সালে নয় মাস ছিলে ভারতে, তখন আমার সাথে বিয়ে হয়নি, ওইদিকে আবার জমি কিনে বাড়ি-ঘর করে রাখছ না কি? তাচ্ছিল্য করে বলেছে, আওয়ামী লীগ ফেল করলে নাকি আমি ওই বাড়িতে গিয়ে থাকব।”
ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে এই সংসদ সদস্য বলেন, “এইভাবে আমাদের পলিউটেড করছে। কে আমাদের প্রকেটশন দেবে? আপনি আমাদের হাউজের গার্ডিয়ান। আপনি যদি প্রটেকশনের ব্যবস্থা করেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি এ বিষয়ে স্বচ্ছ তদন্ত করেন।
“আমরা এই সব ইয়োলো জার্নালিজম থেকে বাঁচতে চাই। আপনার প্রটেকশন চাই। মানসম্মান নিয়ে বাঁচতে চাই।”
সংসদ সদস্যের বক্তব্য শুনে ডেপুটি স্পিকার বলেন, “আমাদের নেত্রী শেখ হাসিনা। আমাদের সবাইকে তিনি চেনেন। আমাদের সকলের আমলনামা তিনি জানেন। খবরের কাগজে কে কী লিখল, কী লিখল না, তাতে কিছুই যায় আসে না।
“আপনি একজন প্রতিমন্ত্রী ছিলেন। উত্তরাঞ্চলে অনেক স্কুল করে দিয়েছেন। আপনাকে খাটো করে দেখার কিছু নেই। আপনাকে খাটো করে খবরের কাগজে লিখতে পারে। কিন্তু আপনাকে এলাকার মানুষ চেনে। আমরা আপনাকে চিনি। প্রধানমন্ত্রীও আপনাকে জানেন। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
এরপর সরকারি দলের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ১৯৮০ সালের একটি ঘটনার উদাহরণ টেনে ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, “মোতহার হোসেনের চরিত্র হননের জন্য পত্রিকায় যে কথাগুলো লেখা হয়েছে, এ বিষয়ে স্পিকার ব্যবস্থা নিতে পারেন।
“বিশেষ অধিকার কমিটিতে সংশ্লিষ্ট সাংবাদিককে ডেকে এই তথ্য কোথায় পেল জানতে চাওয়ার অধিকার স্পিকারের আছে। এজন্য সদস্যকে একটি নোটিস দিতে হবে।”
তখন ডেপুটি স্পিকার বলেন, “সংসদ সদস্যের অধিকার খর্ব বা মানহানিকর কিছু হলে নোটিস দিলে এটা বিবেচনা করা হবে। যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
