শাহজালালে ড্রোনসহ যুক্তরাষ্ট্রের নাগরিক আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গামী এক বিদেশি যাত্রীর কাছ থেকে ড্রোন আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কির (২২)।
সোমবার মধ্য রাতের পর বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ থেকে তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ জানুয়ারি মার্ক ড্রোনটিসহ বিনা ঘোষণায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। মঙ্গলবার চায়না সাদার্ন এয়ারলাইনসের সিজেড ৩৯২ ফ্লাইটে তার গুয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন। এতে ৯টি ক্যামেরা রয়েছে। তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।”
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ‘আমদানি নিয়ন্ত্রিত পণ্য’ ড্রোন আনায় নিরাপত্তার স্বার্থে আটক করা হয়েছে বলে জানান তিনি।
