২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি প্রশাসনের তদন্তে আস্থা নেই ‘নিপীড়নবিরোধীদের’

উপাচার্য কার্যালয়ের সামনের অবস্থানে হামলাসহ তিনটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা তদন্ত কমিটির প্রতি অনাস্থা জানিয়েছেন ‘নিপীড়ন বিরোধী’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 04:23 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

সোমবার প্রগতিশীল ছাত্রজোটের ডাকে সারাদেশে ছাত্র ধর্মঘটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা নিজেদের এই অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নিপীড়ন বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাসুদ আল মাহাদী বলেন, তারা তদন্ত কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখার কথা বলেছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী তদন্ত কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখার নিয়ম নাই।

“১৫, ১৭ ও ২৩ তারিখে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। এসব কমিটির ১১ সদস্যের মধ্যে ১০জন শিক্ষক। শিক্ষক সমিতির বিবৃতিতে কোথাও বলা হয়নি যে আমাদের উপর হামলা করেছে ছাত্রলীগ। তার মানে আমাদের প্রতিপক্ষ হিসাবে তারা দাঁড়িয়েছেন। আবার তদন্ত কমিটির আটজন শিক্ষকই যখন আমাদের বিচারের দাবিতে মানববন্ধনে উপস্থিত থাকেন, তখন তদন্ত কমিটির ওপর আমরা বিশ্বাস রাখতে পারি না।”

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে আন্দোলনরতদের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতা-কর্মীরা।

ওই ঘটনায় ছাত্রীদেরও নিপীড়ন করা হয় অভিযোগ এনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তির দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে রয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।

দুইদিন পর এই আন্দোলকারীরা প্রক্টরের কার্যালয়ের ফটক ভাংচুরের পর তাদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত ২৩ জানুয়ারি তারা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা গিয়ে আন্দোলনকারীদের পিটিয়ে সরিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, উপাচার্যের উপর সেদিন ‘আক্রমণ হয়েছিল’, আর ছাত্রলীগ গিয়েছিল তাকে উদ্ধার করতে।

আবার উপাচার্য আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ করলেও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে, ওই হামলা চালিয়েছিল বহিরাগতরা।

ওই তিন দিনের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ জন শিক্ষকের সঙ্গে একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিকেও একটি কমিটিতে রাখা হয়।

উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে ছাত্র ধর্মঘট পালন করে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট, তাতে সমর্থন দিয়ে নিজেদের ব্যানার নিয়ে অংশ নেন ‘নিপীড়নবরোধীরাও’।

দুপুরের আগে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে গিয়ে তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ আল মাহাদী বলেন, “ছাত্রদের সঙ্গে এই তদন্ত কমিটির আচরণ নজীরবিহীন। এই কমিটি আন্দোলনরত শিক্ষার্থীদের ঘেরাওয়ের দিন বিকাল বেলায়, আবার আজ (সোমবার) ধর্মঘটের দিন দুপুর বেলায় সাক্ষাতের জন্য চিঠি পাঠিয়েছে।

“তদন্ত কমিটির এমন আচরণের পিছনে দুটো উদ্দেশ্য থাকতে পারে। আমরা যাতে কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারি আর যদি অংশগ্রহণ করি, সেক্ষেত্রে যেন তদন্ত কমিটিকে অসহযোগিতা করার অভিযোগ তোলা যায়।”

শিক্ষার্থীদের অনাস্থার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

প্রক্টরের কুশপুত্তলিকা দাহ মঙ্গলবার

‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে প্রক্টরের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে অবিলম্বে তার অপসারণ এবং ১৫ ও ২৩ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কারের দাবি জানানো হয়।

পাশাপাশি মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টর একেএম গোলাম রাব্বানীর কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মাহাদী বলেন, “এই অযোগ্য চাটুকার প্রক্টর তার দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হয়েছেন। ১৫ তারিখে প্রক্টরের সামনেই ছাত্রলীগকর্মীরা আন্দোলনরত মশিউর রহমানকে বেধড়ক পেটায়। ওই সময়ে তাকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল প্রক্টরের। তা না দিয়ে তিনি প্রথম সারির দর্শকের মত পুরো দৃশ্যটি উপভোগ করেন।

“পরবর্তীতে দেখা গেছে, তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধেই উল্টো মামলা ঠুকে দিয়েছেন। এই ধরনের প্রক্টর বাংলাদেশের শিক্ষাঙ্গনে নজীরবিহীন।”

পুরনো খবর:

উপাচার্যকে আক্রমণ করেছিল আন্দোলনকারীরা: ঢাবি কর্তৃপক্ষ