২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি

বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 07:37 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, একজন শ্রমিক ৮ ঘণ্টা কাজ করে অর্জন করা অর্থ দিয়ে পরিবারের চারজন সদস্যের ভরণ পোষণ চালাতে পারেন- এমন মজুরি তাকে দিতে হবে। তবেই কেবল ন্যায্য মজুরি হবে।

“বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতির আলোকে ন্যূনতম মজুরি হয় ১৮ হাজার টাকা। পোশাক শিল্পের ন্যূনতম মজুরি অত্যন্ত মানবেতর পর্যায়ে রয়েছে।”

২০০৬ সালে মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভের সময় গাজীপুরে নিহত পোশাক শ্রমিক আব্দুল্লাহ আল মেহেদী সোহাগের স্মরণে আলোচনার সভার আয়োজন করে সোহাগ স্মৃতি মঞ্চ।

শ্রমিক নেতা শাহ আতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, শ্রমিক নেতা মিন্টু মিয়া ও শহিদুল ইসলাম সবুজ বক্তব্য দেন।

আনু মুহাম্মদ বলেন, “দেশে মাথা পিছু আয় বেড়েছে, অর্থনীতি চাঙ্গা হচ্ছে বলে শোনানো হলেও প্রকৃত চিত্র হচ্ছে দারিদ্রের কারণে কম মজুরির শ্রমিকের অভাব নেই। আর সেকারণেই মালিকরা নিজ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে বাধ্য হচ্ছেন না। সরকার জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি ঠিক করে দিলে পোশাক শ্রমিকরা বঞ্ছিত হতেন না।”

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, “এখন শ্রমিক সংগঠনগুলো যে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করছে, তা প্রচলিত বাজারের সঙ্গে তুলনা করলে খুব বেশি নয়।

“আমাদের শ্রমিকরা পুষ্টিহীন। তাদের ছেলে সন্তানরা না খেয়ে থাকছে। অন্যদিকে মালিকদের পুঁজি দিন দিন বাড়ছে।”

সভায় লিখিত উপস্থাপনায় বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শ্রমিকদের অবস্থা তুলে ধরেন রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ও গবেষক মাহা মির্জা।

“পোশাক কারখানার ব্যবসায়ীরা নানাভাবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্তু শ্রমিকরা সেই তুলনায় কিছুই পান না। বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও শ্রমিকের মজুরি দেওয়ার ক্ষেত্রে বিশ্বে পেছনের সারিতে রয়েছে বাংলাদেশ।”

তিনি বলেন, ভিয়েতনাম ৮ হাজার ৫৬০ টাকা থেকে ১২ হাজার ৪৮০ টাকা, থাইল্যান্ড ২২ হাজার ৪৮০ টাকা, পাকিস্তান ৯ হাজার ২৮০ টাকা, মালিয়েশিয়া ২২ হাজার ৪০০ টাকা, ভারত ১০ হাজার টাকা থেকে ১৪ হাজার টাকা, চীন ১২ হাজার টাকা থেকে ১৪ হাজার টাকা, কম্বোডিয়া ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি দেয়। আর বাংলাদেশের ন্যূনতম মজুরি মাত্র ৫ হাজার ৩০০ টাকা।