পশু থেকে প্রাণি হওয়াও সরকারের অবদান: এমপি বাদশাহ
বর্তমান সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন এই মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশাহ।
আগের মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় থেকে নাম পরিবর্তন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করার কথা উল্লেখ করে বাগেরহাটের এই সাংসদ বলেন, “বর্তমান সরকার আমাদের মন্ত্রণালয় নিয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আগে পশু অধিদপ্তর বলা হত, আমাদের মন্ত্রীদের বলা হত পশুমন্ত্রী।
“আমরা পশু থেকে প্রাণি হয়েছি-এটাও বর্তমান সরকারের অবদান।”
মীর শওকত আলী বাদশাহ
তিনি বলেন, “খামারিরা সঠিক মূল্য পাচ্ছে না। বাজারে দুধের মূল্য আর খামারিদের দেওয়া মূল্যের মধ্যে ব্যবধান অনেক বেশি। এটাকে কমিয়ে আনার জন্য সরকারের উদ্যোগ দরকার।”
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, “মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা এখনও অনেক পুরোনো। দেশের মানুষ যখন ছিল সাত কোটি তখন এই অর্গানোগ্রাম করা ছিল। আর এখন ১৬ কোটির দেশে কীভাবে সেই অর্গানোগ্রামে চলবে?
“এই অর্গানোগ্রাম অতি দ্রুত পরিবর্তন করতে হবে। প্রচুর লোকবল নিযুক্ত করতে হবে। আর এর জন্য আপনার (ওবায়দুল কাদের) সহযোগিতা প্রয়োজন। এটা আমরা আপনার কাছে দাবি করছি।”
তার এই বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “আপনাদের দাবিগুলো উত্থাপন করেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। কেবিনেট বৈঠকেও তুলব। আপনাদের ন্যায়সঙ্গত দাবিগুলো আশা করি প্রধানমন্ত্রী দেখবেন। আবার এটাকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে বসে যাবেন না “
জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এখন সবাই সরকার হটিয়ে রাস্তায় বসে যাচ্ছে। একটা দাবি আদায় হলে আরেকটা নিয়ে বসে যাচ্ছে। প্রেস ক্লাবের সামনে ন্যায়সঙ্গত দাবিতে সরকার সহনশীল। এখন সরকারের শেষ বছর একেকবার একেক পার্টি।
“এই যে নিউ মার্কেটের দোকানিরা রাস্তায় নেমে গেছে। তাদের সু-উচ্চ ভবন তৈরি হবে সেটা তারা চায় না সেজন্য রাস্তায় নেমেছে। রাস্তা দখল করে আন্দোলন করা, মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন আমরা সমর্থন করি না।”
মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাছান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
