২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান ও গাবতলীতে ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর গুলশান এবং গাবতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 07:07 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

বৃহস্পতিবার সকাল ১০টায় গাবতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

সেখানে উত্তর সিটি করপোরেশনের প্রায় পাঁচ একর জমিতে গড়ে তোলা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশনের জমি অবৈধভাবে দখল করে সেখানে ইট-বালুর ব্যবসা চলছিল। দুপুর একটা পর্যন্ত চলে এই অভিযান।

Image
গাবতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসি

গাবতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসি

দুপুর দুইটার দিকে গুলশান-২ নম্বর সিটি করপোরেশন মার্কেটের পাশে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে সিটি করপোরেশনের গণশৌচাগারের পাশে অবৈধভাবে গড়ে তোলা একটি খাবার দোকানসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাবতলী বেড়িবাঁধে ৫২ একর জায়গা আছে। দীর্ঘদিন পর গত বছর আমরা সেপ্টেম্বরের দিকে সেটা দখলমুক্ত করেছিলাম। কিন্তু প্রায় ৫ একর জমিতে আবার স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ জমিতে স্থায়ী সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছে।”

তিনি আরো বলেন, গুলশানে একটি আধুনিক গণশৌচাগার উদ্বোধন কর হয়েছে কয়েকদিন আগে। কিন্তু এ গণশৌচাগারের পাশের ফুটপাত এবং রাস্তা দখল করে কিছু স্থাপনা গড়ে তোলায় লোকজনের যাতায়াতে সমস্যা হচ্ছিল। এজন্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।