স্বাধীনতাবিরোধী চক্র সুযোগ পেলেই ইতিহাস বিকৃতিতে উঠেপড়ে লাগে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের বিকৃতি রোধে তা প্রতিটি নাগরিককে জানানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার ভোলার ফাতেমা খানম ডিগ্রি কলেজ মাঠে এক সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, “যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের উপযুক্ত সম্মান জানাতে হবে। তারা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, তা অর্জনে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
আবদুল হামিদ বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে স্বাধীনতা বিরোধী চক্র এ দেশে ইতিহাস বিকৃতির চর্চা শুরু করে, যা এখনও অব্যাহত আছে। মিথ্যা বেশি দিন চাপা থাকে না। মিথ্যার উপর সবসময়ই সত্যের জয় প্রতিষ্ঠিত হয়।”
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘর প্রতিষ্ঠার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। নতুন ও ভবিষ্যৎ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদেরকেও আমাদের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং এতে কার কি অবদান ছিল তা সঠিকভাবে জানাতে হবে। আর তা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘর প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ।”
দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, “রাজনৈতিক কারণে দল ও মতের পার্থক্য থাকতে পারে। তবে মনে রাখতে হবে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ আমাদের সকলের। তাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন- জাতি তা প্রত্যাশা করে।”
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এর আগে রাষ্ট্রপতি ভোলায় স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন করেন।
