২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মীর ‘দুর্নীতির’ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 03:51 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

লেকহেড খুলে দিতে ঘুষ লেনদেনের মামলা সেই তিনজনের বিরুদ্ধে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন এবং মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে ঘুষের মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর কথা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে... আমরা কিছু তথ্য পেয়েছি, সেটা আপনাদের (গণমাধ্যম) কল্যাণে আমাদের কাছে এসেছে, আমাদের তদন্ত কাজ অলরেডি শুরু হয়েছে।”

ওই দুই কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত বলেই দুদকের এই উদ্যোগ নয় জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, “আমাদের তদন্ত সর্বক্ষেত্রেই বিস্তৃত। কেবল সরকারিই নয়, বেসরকারি ক্ষেত্রেও আমাদের কার্যক্রম বিস্তৃত। অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জন এবং ভোগ দখলে রাখা সম্পূর্ণভাবে বেআইনি।”

শিক্ষা মন্ত্রণালয়ের ওই দুই কর্মীর সঙ্গে ঢাকার লেকহেড গ্রামার স্কুলের অন্যতম মালিক খালেদ হাসান মতিনের বিরুদ্ধেও ওই ঘুষের মামলা করে পুলিশ।

জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ থাকা ওই স্কুল খুলে দিতে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এ তিনজনের মধ্যে শিক্ষামন্ত্রীর পিও মোতালেব ও লেকহেড স্কুলের পরিচালক মতিন গত ২০ জানুয়ারি এবং নাসির উদ্দিন গত ১৮ জানুয়ারি থেকে নিখোঁজ জানিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল।

পরে রোববার গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই তিনজনই তাদের হেফাজতে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে নানা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোতালেব ও নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিরের কাছে এক লাখ ৩০ হাজার টাকা পাওয়া গেছে। আর মতিনকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে।

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে। আগে থেকেই শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করলেও দুই বছর আগে নাহিদের পিও হিসেবে বদলি হয়ে মন্ত্রীর দপ্তরে আসেন তিনি।

মোতালেব গ্রিন রোডের সরকারি কোয়ার্টারে থাকেন। বছিলায় নিজস্ব জমিতে তিনি ছয়তলা বাড়ি নির্মাণ করছেন। সেখান থেকেই তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছিল পরিবার।

দুর্নীতি দমন কমিশন, কাইট বাংলাদেশ ও গুণীজন ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরেক প্রশ্নের জবাবে ব্যাংকিং খাতে সুশাসন ফিরে এসেছে বলে দাবি করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, “আমাদের বিবেচনায় ব্যাংকিং খাতে সুশাসন কিছুটা শুরু হয়েছে। যেমন বেসিক ব্যাংকে ক্যাশ টাকা জমা হয়, রিসিডিউল হয় এবং বোর্ড চেইঞ্জ হয়েছে। ২০১৭ সালে ব্যাংকিং খাতে সুশাসন কিছুটা দেখেছি।

“অন্তত এটুকু আমরা দাবি করব, দুদকের কার্যক্রমে ব্যাংকের বোর্ডও কিছুটা চেঞ্জ হয়েছে এবং মোটামুটি সবাই কিছুটা সাবধানতা অবলম্বন করছে। ঋণ জালিয়াতির বিষয়টা কমেছে। এখন যে মামলাগুলো হচ্ছে, সেই জালিয়াতির ঘটনাগুলো ২০১৭ সালের আগেরই বেশি।”